ঘরের মাঠে বিশ্বকাপ জেতার স্বপ্ন দেখছেন হরমনপ্রীত কৌর, যুবরাজ সিং থেকে অনুপ্রাণিত

ঘরের মাঠে বিশ্বকাপ জেতার দীর্ঘদিনের আক্ষেপ এবার মেটাতে চান ভারতীয় মহিলা দলের অধিনায়ক হরমনপ্রীত কৌর। দু’বার ওয়ান ডে বিশ্বকাপের ফাইনালে উঠেও ট্রফি অধরা থেকেছে। এবার ভারত এবং শ্রীলঙ্কা যৌথভাবে বিশ্বকাপের আয়োজন করছে, যা হরমনপ্রীতের জন্য এই স্বপ্ন পূরণের শেষ সুযোগ হতে পারে। আর মাত্র ৫০ দিন পর শুরু হতে চলা এই টুর্নামেন্টের আগে ক্যাপ্টেন হ্যারি তার বিশ্বকাপ স্বপ্ন ও অনুপ্রেরণার কথা জানিয়েছেন।
হরমনপ্রীত বলেন, “ঘরের মাঠে বিশ্বকাপ খেলা সবসময়ই বিশেষ। আশা করি, এবার আমরা আমাদের ১০০ শতাংশ দিতে পারব এবং এতদিন যে ট্রফিটার জন্য আমরা অপেক্ষা করছি, তা জিতে নিতে পারব।” তিনি আরও জানান, বারবার ফাইনালে পৌঁছে থেমে যাওয়ার বাধা এবার তারা অতিক্রম করতে চান। হরমনপ্রীত তার প্রেরণার উৎস হিসেবে যুবরাজ সিংয়ের কথা উল্লেখ করেন। তিনি বলেন, “যখনই যুবি ভাইয়াকে (যুবরাজ সিং) দেখি, তখন নিজেকে আরও বেশি মোটিভেট করতে পারি।”
২০১৭ সালের বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তার করা ১৭১ রানের অসাধারণ ইনিংসটি আজও ক্রিকেটপ্রেমীদের মনে গেঁথে আছে। সেই ইনিংসের স্মৃতিচারণ করে হরমনপ্রীত বলেন, “ওই ইনিংসটা আমার এখনও মনে আছে। ওই ম্যাচের পর আমার ব্যক্তিত্বে বড় পরিবর্তন এসেছিল। ফাইনাল হারের পর দেশে ফেরার পর বিমানবন্দরে যেভাবে মানুষ আমাদের স্বাগত জানিয়েছিল, তা ভোলার নয়।”
বিশ্বকাপ শুরুর আগে ভারত অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ খেলবে, যা দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। হরমনপ্রীত মনে করেন, “অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলা সব সময়ই চ্যালেঞ্জের। এই সিরিজ থেকেই আমরা আমাদের অবস্থান এবং আত্মবিশ্বাস সম্পর্কে ধারণা পাব। ট্রেনিং ক্যাম্পে আমরা নিজেদের সেরাটা দিয়েছি, যাতে প্রত্যাশা অনুযায়ী ফল পাওয়া যায়।”