বসিরহাটে ফের গুলি, তৃণমূল কর্মীকে লক্ষ্য করে হামলার অভিযোগ

বসিরহাটে তৃণমূল কর্মী খুনের ঘটনার রেশ কাটতে না কাটতেই আবারও গুলি চলল। এবার মহিদুল শেখ নামে এক তৃণমূল কর্মীকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠেছে। যদিও অল্পের জন্য তিনি প্রাণে বেঁচে গেছেন। এই ঘটনায় গোটা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশি টহলদারি চলছে।

ঘটনাটি ঘটেছে রবিবার রাতে বসিরহাট থানার গোটরা পঞ্চায়েতের ঘোনা এলাকায়। পরিবারের অভিযোগ, মহিদুল শেখকে লক্ষ্য করে গুলি চালানো হয়, কিন্তু গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে পাশের একটি বাড়ির দরজায় লাগে। এতে দরজাটি ফুটো হয়ে যায়। মহিদুলের পরিবারের দাবি, অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন তিনি।

উল্লেখ্য, গত ১৭ জুন একই এলাকায় তৃণমূল কর্মী আনোয়ার হোসেন গাজীকে গুলি করে ও কুপিয়ে হত্যা করা হয়েছিল। সেই ঘটনায় বসিরহাট থানার পুলিশ কয়েকজনকে গ্রেফতারও করেছিল। এবারের গুলি চালনার ঘটনায় নিহত আনোয়ার হোসেন গাজীর ভাই জাকির গাজীর বিরুদ্ধে অভিযোগ উঠেছে। মহিদুল শেখ নিজেই বসিরহাট থানায় জাকির গাজীর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

মহিদুল শেখ অভিযোগ করেন, “আনোয়ারের ভাই জাকির গুলি চালিয়েছে। আমার ওপর তাদের রাগ ছিল, সেই কারণেই ষড়যন্ত্র করে আমাকে খুন করার চেষ্টা করেছে।”

অন্যদিকে, অভিযুক্ত জাকির গাজীর কাকা এই অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, “জাকিরকে ফাঁসানোর জন্য এসব কথা বলা হচ্ছে। রাত ২টোর সময় গুলি চলেছে, আর আমরা বাড়িতে ঢুকেছি ৩টের সময়। জাকির এই ঘটনার সঙ্গে জড়িত নয়।” এই ঘটনাকে কেন্দ্র করে এলাকার রাজনৈতিক উত্তাপ আরও বেড়েছে। পুলিশ অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে এবং অভিযুক্তকে খোঁজার চেষ্টা করছে।