স্কুল ছেড়ে সিনেমা হলে ক্লাস, অভিনব পন্থায় সামাজিক বার্তা দিল মালদহের স্কুল

গতানুগতিক ক্লাসরুমের চার দেওয়াল ছেড়ে এবার সিনেমা হলে ক্লাস করল মালদহের এক স্কুলের পড়ুয়ারা। ইংরেজবাজার ব্লকের শোভানগর উচ্চ বিদ্যালয়-এর শিক্ষক-শিক্ষিকারা একটি অভিনব উদ্যোগ নিয়ে সপ্তম থেকে দ্বাদশ শ্রেণির প্রায় ২০০ জন ছাত্রছাত্রীকে শহরের একটি বিলাসবহুল সিনেমা হলে নিয়ে যান। সেখানে তাদের ‘তোর্ষা একটি নদীর নাম’ নামের একটি সামাজিক বার্তামূলক সিনেমা দেখানো হয়।
স্কুলের প্রধান শিক্ষক ডঃ হরিস্বামী দাস জানান, এই সিনেমার মাধ্যমে ছাত্রছাত্রীদের সামাজিক দায়বদ্ধতা এবং সমাজের বিভিন্ন বাস্তব চিত্র সম্পর্কে সচেতন করা হয়েছে। সিনেমাটিতে সমাজের সর্বস্তরের মানুষের মধ্যে ভেদাভেদ ভুলে কীভাবে ঐক্যবদ্ধ হয়ে থাকা যায়, সেই বার্তা দেওয়া হয়েছে। সিনেমা দেখার পর শিক্ষক-শিক্ষিকারা শিক্ষার্থীদের সঙ্গে সিনেমার বিষয়বস্তু নিয়ে আলোচনা করেন এবং অভিনীত চরিত্রগুলিকে বাস্তব জীবনের সঙ্গে মিলিয়ে বোঝান।
বর্তমানে মোবাইল গেম এবং সোশ্যাল মিডিয়ার প্রতি মানুষের আসক্তি বেড়েছে, যার ফলে সামাজিক দায়বদ্ধতা সম্পর্কে ধারণা কমে যাচ্ছে। এমন পরিস্থিতিতে শিক্ষার্থীদের মধ্যে মানবিক মূল্যবোধ ও ঐক্যবোধ জাগ্রত করার জন্যই এই বিশেষ ক্লাসের আয়োজন করা হয়েছে বলে জানান প্রধান শিক্ষক।
এই অভিনব শিক্ষাপদ্ধতি শিক্ষার্থীদের কাছে যেমন আকর্ষণীয় হয়েছে, তেমনি স্থানীয় মহলে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। শিক্ষা শুধু বইয়ের পাতায় সীমাবদ্ধ নয়, বরং বাস্তব জীবন ও শিল্পের মাধ্যমেও শেখা যায়, এই বার্তা দিতে পেরে স্কুল কর্তৃপক্ষ খুশি।