আইসিআইসিআই-এর ৫০ হাজার টাকার নয়া নিয়ম, নতুন গ্রাহকরা বিপাকে

আইসিআইসিআই ব্যাঙ্কের সেভিংস অ্যাকাউন্টে ন্যূনতম ব্যালেন্স রাখার নিয়মে বড় পরিবর্তন এসেছে। ১ অগস্ট থেকে নতুন গ্রাহকদের জন্য এই নিয়ম কার্যকর হয়েছে, যা সাধারণ মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। এবার থেকে শহুরে নতুন গ্রাহকদের সেভিংস অ্যাকাউন্টে মাসিক ন্যূনতম ৫০,০০০ টাকা ব্যালেন্স রাখতে হবে, যা আগে ছিল মাত্র ১০,০০০ টাকা।

শুধুমাত্র শহরাঞ্চল নয়, মফস্বল এবং গ্রামীণ এলাকার গ্রাহকদের জন্যও এই নিয়ম পরিবর্তন করা হয়েছে। মফস্বলের নতুন গ্রাহকদের জন্য ন্যূনতম মাসিক ব্যালেন্সের সীমা ৫,০০০ টাকা থেকে বাড়িয়ে ২৫,০০০ টাকা করা হয়েছে। গ্রামীণ এলাকার নতুন গ্রাহকদের ক্ষেত্রে এই সীমা ৫,০০০ টাকা থেকে বাড়িয়ে ১০,০০০ টাকা করা হয়েছে। তবে, পুরোনো গ্রাহকদের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য নয়। তাদের জন্য আগের মতোই গ্রামীণ ও মফস্বল এলাকায় ৫,০০০ টাকার ন্যূনতম ব্যালেন্স বজায় রাখতে হবে।

যদি কোনো গ্রাহক এই নতুন নিয়ম মেনে ন্যূনতম ব্যালেন্স বজায় রাখতে ব্যর্থ হন, তাহলে তাকে ৬ শতাংশ বা ৫০০ টাকা, এই দুটির মধ্যে যেটি কম, সেই পরিমাণ জরিমানা দিতে হবে। এই নতুন নিয়ম কার্যকর হওয়ার পর অনেক গ্রাহকই ব্যাঙ্কের এই সিদ্ধান্তের সমালোচনা করছেন।

অন্যান্য ব্যাঙ্কের ন্যূনতম ব্যালেন্সের নিয়ম সম্পর্কেও গ্রাহকদের মধ্যে আগ্রহ দেখা গেছে। ২০২০ সালে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI), পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (PNB) এবং কানাড়া ব্যাঙ্ক ন্যূনতম ব্যালেন্স না রাখার জন্য যে জরিমানা নিত, তা প্রত্যাহার করে নিয়েছে। ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতেও এই ধরনের কোনো নিয়ম নেই।

ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে চেক বুক সহ অ্যাকাউন্টের ক্ষেত্রে শহরে ১,০০০ টাকা এবং গ্রামে ২৫০ টাকা ন্যূনতম ব্যালেন্স রাখতে হয়। এইচডিএফসি ব্যাঙ্কে শহুরে গ্রাহকদের জন্য ১০,০০০ টাকা এবং গ্রামীণ গ্রাহকদের জন্য ২,৫০০ টাকা ন্যূনতম ব্যালেন্স রাখা বাধ্যতামূলক। অ্যাক্সিস ব্যাঙ্কে শহরে ১২,০০০ টাকা এবং গ্রামে ২,৫০০ টাকা ব্যালেন্স রাখতে হয়। ব্যাঙ্ক অফ বরোদায় শহুরে গ্রাহকদের জন্য ২,০০০ টাকা এবং গ্রামীণ গ্রাহকদের জন্য ৫০০ টাকা ন্যূনতম ব্যালেন্স রাখার নিয়ম আছে। আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্কে শহরে ২৫,০০০ টাকা এবং গ্রামে ১০,০০০ টাকা ন্যূনতম ব্যালেন্স রাখতে হয়।