নবান্ন অভিযানে পুলিশকে হুমকির অভিযোগ, বিজেপি বিধায়ক অশোক দিন্দার বিরুদ্ধে এফআইআর

বিজেপির নবান্ন অভিযান চলাকালীন পুলিশকে হুমকি দেওয়ার অভিযোগে এফআইআর দায়ের করা হয়েছে দলের বিধায়ক অশোক দিন্দার বিরুদ্ধে। এই ঘটনা ঘিরে রাজ্য রাজনীতিতে নতুন করে বিতর্ক সৃষ্টি হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিজেপির নবান্ন অভিযান চলাকালীন বিক্ষোভকারীদের সামলাতে গিয়ে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয়। সেই সময়ই বিজেপি বিধায়ক তথা প্রাক্তন ক্রিকেটার অশোক দিন্দা পুলিশকে উদ্দেশ্য করে হুমকি দেন বলে অভিযোগ।

জানা গেছে, বিক্ষোভ চলাকালীন অশোক দিন্দা পুলিশকে উদ্দেশ্য করে বলেন, “আমাদের যদি কোনও কর্মীর সামান্য কিছু হয়, তাহলে আমরা দেখে নেব।” তাঁর এই মন্তব্যের ভিডিও সোশ্যাল মিডিয়ায় দ্রুত ছড়িয়ে পড়ে। এর পরেই পুলিশের পক্ষ থেকে এই হুমকির ভিত্তিতে তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে।

এই অভিযোগের প্রসঙ্গে বিজেপি বিধায়ক অশোক দিন্দা অবশ্য জানিয়েছেন, তিনি কোনো হুমকি দেননি। তাঁর বক্তব্য, “আমরা যখন শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করছিলাম, তখন পুলিশ আমাদের উপর লাঠিচার্জ শুরু করে। আমাদের কর্মীদের ওপর আক্রমণ হচ্ছিল। আমি শুধু বলেছি যে যদি কোনো কর্মীর ক্ষতি হয়, তাহলে তার প্রতিবাদ আমরা অবশ্যই করব। এর মধ্যে কোনো হুমকি ছিল না, এটা একজন জনপ্রতিনিধি হিসেবে আমার কর্তব্য।”

বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে, শাসকদল তাদের গণতান্ত্রিক আন্দোলনকে দমন করার চেষ্টা করছে এবং মিথ্যা মামলা দিয়ে বিধায়কদের হেনস্থা করছে। অন্যদিকে, তৃণমূল কংগ্রেস এই ঘটনাকে বিজেপির বিশৃঙ্খল রাজনীতির প্রতিফলন বলে আখ্যা দিয়েছে।

এই ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং পুলিশ বিধায়কের বিরুদ্ধে আনা অভিযোগ খতিয়ে দেখছে। তবে এই এফআইআর-এর পর রাজ্যে রাজনৈতিক উত্তেজনা আরও বৃদ্ধি পেয়েছে।