বিশেষ: শেষ হয়ে যাবে অক্সিজেন, ‘দমবন্ধ’ হয়ে যাবে পৃথিবীর? জেনেনিন কেন সতর্ক করছে বিজ্ঞানীরা?

বিজ্ঞানীরা এক চাঞ্চল্যকর গবেষণায় জানিয়েছেন যে, আগামী ১০০ কোটি বছর পর পৃথিবী থেকে অক্সিজেন সম্পূর্ণভাবে উধাও হয়ে যেতে পারে। এর ফলে বায়ুমণ্ডলে মিথেন গ্যাসের আধিপত্য বাড়বে এবং পৃথিবীর পরিবেশ আবার ২৪০ কোটি বছর আগের অবস্থায় ফিরে যাবে। ২০২১ সালে বিখ্যাত ‘নেচার’ জার্নালে প্রকাশিত একটি গবেষণাপত্রে এই সম্ভাবনার কথা বলা হয়েছে।

গবেষকদের মতে, সূর্যের উজ্জ্বলতা ধীরে ধীরে বাড়তে থাকায় পৃথিবীর বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ কমতে থাকবে। এর ফলে পৃথিবীর আবহাওয়ায় বড় ধরনের পরিবর্তন আসবে এবং অক্সিজেনের পরিমাণও দ্রুত হ্রাস পাবে। বিজ্ঞানীরা পৃথিবীর বায়ুমণ্ডলের একটি বিস্তারিত মডেল তৈরি করে এই সিদ্ধান্তে পৌঁছেছেন। তাদের পূর্বাভাস, এই পরিবর্তন খুব দ্রুতই ঘটবে, যেন পৃথিবী রাতারাতি পেছনে হেঁটে তার আদিম অবস্থায় ফিরে যাবে।

অক্সিজেনের অভাবে প্রাণের অস্তিত্ব নিয়ে প্রশ্ন
বায়ুমণ্ডল থেকে অক্সিজেন হারিয়ে গেলে পৃথিবীতে প্রাণের অস্তিত্ব টিকিয়ে রাখা কঠিন হয়ে পড়বে। গবেষণাপত্রে বলা হয়েছে, সেই সময় পৃথিবীতে কার্বন ডাই অক্সাইড, মিথেন এবং জলীয় বাষ্পের আধিপত্য থাকবে, যা বর্তমান জীবনের জন্য অনুকূল নয়। এই ভয়ংকর পরিবর্তন পৃথিবীর সব ধরনের প্রাণের অস্তিত্বকে ঝুঁকির মুখে ফেলবে।

তবে বিজ্ঞানীরা এও জানিয়েছেন যে, এই দিন আসতে এখনও অনেক সময় বাকি আছে। তাই আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। এই গবেষণা মূলত পৃথিবীর বায়ুমণ্ডলের ভবিষ্যৎ নিয়ে একটি বৈজ্ঞানিক পূর্বাভাস, যা আমাদের গ্রহের দীর্ঘমেয়াদি পরিবর্তনগুলো বুঝতে সাহায্য করে।