কলকাতা ছাড়িয়ে মুম্বইতে তৃণা সাহা, নতুন ব্র্যান্ডের প্রোমোশনে ব্যস্ত অভিনেত্রী

টলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী তৃণা সাহা এবার মুম্বইতে পাড়ি দিয়েছেন, যা নিয়ে অনুরাগীদের মধ্যে তৈরি হয়েছে কৌতূহল। দেব চন্দ্রিমা সিংহ রায়, দর্শনা বণিক এবং অদ্রিজা রায়ের মতো আরও অনেক বাঙালি অভিনেতা-অভিনেত্রী বর্তমানে মুম্বইতে কাজ করছেন। তাদেরই পদাঙ্ক অনুসরণ করে তৃণার এই পদক্ষেপ নিয়ে জল্পনা তৈরি হলেও, অভিনেত্রী নিজেই আসল কারণ জানিয়েছেন।

শনিবার তৃণা সাহাকে কলকাতা বিমানবন্দরে দেখা যায়। টলিউড অনলাইনের শেয়ার করা একটি পোস্টে দেখা যায়, তিনি একটি ডেনিম জ্যাকেট এবং শর্ট স্কার্ট পরে মুম্বইয়ের উদ্দেশে রওনা হচ্ছেন। এই সময় তিনি জানান, তিনি কোনো নতুন হিন্দি ছবি বা ধারাবাহিকের জন্য নয়, বরং একটি ব্র্যান্ডের প্রচারের জন্য মুম্বইতে যাচ্ছেন।

এই প্রসঙ্গে তৃণা বলেন, “সবাই বম্বেতে যাওয়ার জন্য উৎসাহী হয়ে পড়েন, সেখানে আমি যে ব্র্যান্ডের জন্য কাজ করতে যাচ্ছি সেটার জন্য বেশি উৎসাহী।”

অভিনেত্রীর কর্মজীবন:
বর্তমানে তৃণা সাহাকে স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘পরশুরাম আজকের নায়ক’-এ অভিনেতা ইন্দ্রজিৎ বসুর বিপরীতে দেখা যাচ্ছে। ধারাবাহিকটি সম্প্রতি ১০০ পর্ব পূর্ণ করেছে। এই ধারাবাহিকটি খুব অল্প সময়ের মধ্যেই দর্শকদের মন জয় করে নিয়েছে। এর আগে তৃণা ‘খোকাবাবু’, ‘খড়কুটো’ এবং ‘ধূলোকণা’র মতো জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করে দর্শকের ভালোবাসা পেয়েছেন। এছাড়াও তিনি বিভিন্ন ওয়েব সিরিজেও কাজ করেছেন।

তৃণার স্বামী নীল ভট্টাচার্যও কিছুদিন আগে কাজের সূত্রে মুম্বইতে গিয়েছিলেন। তৃণার এই নতুন পদক্ষেপ তার পেশাগত জীবনের একটি নতুন অধ্যায় বলে মনে করা হচ্ছে।