সলমন-ক্যাটরিনার সম্পর্কের রসায়ন, পুরোনো ভিডিও ভাইরাল হতেই আবারও জল্পনা

একসময় বলিউড জুড়ে সলমন খান এবং ক্যাটরিনা কাইফের সম্পর্ক নিয়ে তুমুল আলোচনা চলত। যদিও এই সম্পর্ক নিয়ে ধোঁয়াশা থেকেই গেছে। কখনও শোনা যায়, তাঁদের বিচ্ছেদ সুখকর ছিল না, আবার কেউ বলেন, তাঁরা নাকি কখনোই সম্পর্কে ছিলেন না। এই পুরোনো জল্পনার মধ্যেই সম্প্রতি ‘বিগ বস’-এর একটি পুরোনো ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে সলমন খান ক্যাটরিনাকে প্রকাশ্যে অস্বস্তিকর প্রশ্ন করছেন।

ভাইরাল হওয়া সেই ভিডিওটিতে দেখা যাচ্ছে, ‘তিস মার খান’ ছবির প্রচারে ক্যাটরিনা কাইফ ‘বিগ বস’-এর সেটে এসেছেন। সলমন ক্যাটরিনাকে জিজ্ঞাসা করেন, ছবিতে তার হিরো কে? ক্যাটরিনা অক্ষয় কুমারের নাম বলতেই সলমন বিতর্কিত মন্তব্য করে বলেন, “অক্ষয় কুমার, সলমন খান সবার সঙ্গেই কাজ করে নিয়েছ। এখন তুমি আবার রণবীর কাপুরকে ধরেছ। আরও নীচে নামবে তুমি? এর থেকেও যুবক কাউকে চাই?”

সলমনের এমন অস্বস্তিকর মন্তব্য শুনে ক্যাটরিনা লজ্জায় লাল হয়ে যান এবং ভীষণ অপ্রস্তুত হয়ে পড়েন। এই ঘটনাটি তাঁদের সম্পর্কের তিক্ততার ইঙ্গিত দেয়। যদিও বিচ্ছেদের কারণ নিয়ে আজও বিতর্ক রয়েছে। কেউ বলেন, রণবীর কাপুরের সঙ্গে ক্যাটরিনার ঘনিষ্ঠতার জন্য বিচ্ছেদ হয়, আবার কেউ বলেন, সলমন ক্যাটরিনাকে হাতের মুঠোয় রাখতে চেয়েছিলেন, যা ক্যাটরিনা মেনে নিতে পারেননি।

তবে, সে সব এখন অতীত। সময়ের সঙ্গে সঙ্গে তাঁদের মধ্যেকার ক্ষোভ মিটে গেছে। ক্যাটরিনা ভালোবেসে অভিনেতা ভিকি কৌশলকে বিয়ে করেছেন, আর অন্যদিকে সলমন খান এখনো সিঙ্গেল রয়েছেন।