জন্নত ৩ আসছে! ১৮ বছর পর পর্দায় ফিরছে বলিউডের সবচেয়ে জনপ্রিয় ক্রাইম-রোমান্স ফ্র্যাঞ্চাইজি

ষাঁরা এই শতকের গোড়ায় ইমরান হাশমিকে রোমান্টিক ও স্ট্রিট-স্মার্ট নায়ক হিসেবে দেখে বড় হয়েছেন, তাঁদের নস্ট্যালজিয়ায় ‘জন্নত’ (Jannat) ছবির স্থান এক অন্য উচ্চতায়। স্ট্রিট-স্মার্ট ‘অর্জুন দীক্ষিত’-এর তীব্র প্রেমের গল্প থেকে শুরু করে ছবির কালজয়ী সব গান— ২০০৮ সালের এই জনপ্রিয় ক্রাইম ড্রামা আজও দর্শকের মনে গভীর দাগ কেটে রয়েছে। প্রথম ছবি মুক্তির দীর্ঘ ১৮ বছর পর অবশেষে সেই চেনা দুনিয়ায় ফের ফেরার সোনালী সুযোগ পেতে চলেছেন ভক্তরা। হ্যাঁ, ঠিকই শুনেছেন। ‘আওয়ারাপন ২’-এর দুর্দান্ত সাফল্যের মাঝেই প্রযোজক বিশেষ ভাট সিলমোহর দিয়েছেন যে, খুব তাড়াতাড়ি বড় পর্দায় আসছে বহুল প্রতীক্ষিত ছবি ‘জন্নত ৩’। শুধু তাই নয়, এই মুহূর্তে ছবিটির চিত্রনাট্যের কাজও জোরকদমে চলছে বলে জানিয়েছেন তিনি।
পর্দার আড়ার গল্প ও বিশেষ ভাটের ঘোষণা
সম্প্রতি দেওয়া এক একান্ত সাক্ষাৎকারে প্রযোজক বিশেষ ভাট অকপটে জানিয়েছেন, “আওয়ারাপন ২-এর পর, আমি ‘জন্নত ৩’ নিয়ে ভাবছি।” যখন তাঁকে প্রশ্ন করা হয় যে ছবির চিত্রনাট্য কি ইতিমধ্যেই লক করা হয়ে গিয়েছে, তখন তিনি স্পষ্ট জানান যে সেই বিষয়টি নিয়েই এখন জোরকদমে কাজ চলছে।
এই কথোপকথনেই বিশেষ ভাট আরও একটি চাঞ্চল্যকর তথ্য সামনে এনেছেন। তিনি পরিষ্কার করে দেন যে, ‘আওয়ারাপন ২’ কেবল বক্স অফিস থেকে চটজলদি টাকা তোলার উদ্দেশ্যে বানানো হয়নি। যদি বাণিজ্যিক লোভে অন্ধ হয়ে এই ছবি তৈরি করা হতো, তবে ছবি মুক্তির আগেই পরিবেশকরা তা লুফে নিত এবং প্রযোজকের টেবিলে লাভের পাহাড় জমে যেত। তাঁর দাবি, “বাজারের কেউ প্রথমে ছবিটা কিনতে আসেনি। আমরা সম্পূর্ণ নিজেদের ঝুঁকি ও টাকা লাগিয়ে ছবি বানিয়েছি। হ্যাঁ, ছবি তৈরি হওয়ার পরেই একমাত্র বাজার নড়েচড়ে বসেছে।”
নস্ট্যালজিয়ার সুবর্ণ জয়ন্তী ও ‘জন্নত’-এর অতীত
প্রসঙ্গত, ২০০৮ সালের ১৬ই মে মুক্তি পেয়েছিল কুণাল দেশমুখ পরিচালিত এবং মুকেশ ভাট প্রযোজিত ক্লাসিক রোমান্টিক ক্রাইম ড্রামা ‘জন্নত’। অভিনেতা ইমরান হাশমি ও নবাগতা সোনাল চৌহান জুটির প্রথম ছবি বক্স অফিসে তুমুল ঝড় তুলেছিল। এরপর ২০১২ সালে মুক্তি পায় এর সিক্যুয়েল ‘জন্নত ২’, যেখানে ইমরানের পাশাপাশি স্ক্রিন শেয়ার করেছিলেন রণদীপ হুডা ও এষা গুপ্তা।
সিরিজের প্রথম ছবির মূল গল্প আবর্তিত হয়েছিল অর্জুন দীক্ষিত (ইমরান হাশমি)-কে কেন্দ্র করে, যে অল্প সময়ে রাতারাতি বড়লোক হওয়ার স্বপ্ন দেখত। জোয়া (সোনাল চৌহান)-র প্রেমে পড়ার পর ছোটখাটো জুয়া থেকে সোজা বড় মাপের ক্রিকেট বুকি এবং পরবর্তীতে আন্ডারওয়ার্ল্ড ডন আবু ইব্রাহিমের ম্যাচ-ফিক্সার হয়ে ওঠে সে। তার বিলাসবহুল জীবন এবং অপরাধ জগতের মারপ্যাঁচ ছবিটিকে এক অন্য উচ্চতা দিয়েছিল। এবার দীর্ঘ বিরতির পর ‘জন্নত ৩’-এর আনুষ্ঠানিক ঘোষণায় অনুরাগীদের উত্তেজনার পারদ যে একলাফে আকাশছূঁয়ী হয়েছে, তা বলাই বাহুল্য।