শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নামে শিয়ালদহ স্টেশনের নামকরণের দাবি তুললেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার

দেশের দ্বিতীয় বৃহত্তম এবং কলকাতার অন্যতম গুরুত্বপূর্ণ শিয়ালদহ স্টেশনের নাম পরিবর্তনের দাবি আবারও জোরালো হলো। রবিবার শিয়ালদহ থেকে রানাঘাট এসি লোকালের উদ্বোধনে এসে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার এই দাবি তুলেছেন। তাঁর বক্তব্য, পশ্চিমবঙ্গের প্রতিষ্ঠায় শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের অবদান অপরিসীম, তাই শিয়ালদহ স্টেশনের নাম তাঁর নামেই হওয়া উচিত।

সুকান্ত মজুমদারের সঙ্গে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরও। এই প্রসঙ্গে বালুরঘাটের বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার বলেন, “এই প্রস্তাব রাজ্য সরকারের পক্ষ থেকে এলে রেল কর্তৃপক্ষ এই কাজ করতে পারে। মাননীয়া মুখ্যমন্ত্রী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিনে শুভেচ্ছা জানান। তাই এইটুকু তিনি করতেই পারেন।”

এর আগেও গত বছর অক্টোবরে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব কলকাতায় এলে রাজ্যসভার বিজেপি সাংসদ শমীক ভট্টাচার্য এই একই দাবি তুলেছিলেন। তিনি বলেছিলেন, দেশভাগের পর লক্ষ লক্ষ সর্বস্বান্ত মানুষ শিয়ালদহ স্টেশনে আশ্রয় নিয়েছিলেন এবং সেই ক্যাম্পের তত্ত্বাবধানে ছিলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। তাই এই স্টেশনের নামের সঙ্গে তাঁর নাম জড়িয়ে থাকা উচিত। সেই সময় রেলমন্ত্রী বিষয়টি ‘দেখার’ আশ্বাস দিয়েছিলেন।

যদিও এই দাবির বিরোধিতা করে তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী বলেন, “শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের সঙ্গে শিয়ালদহ স্টেশনের সরাসরি কোনো সম্পর্ক নেই। যদি কোনো মনীষীর নাম দিতেই হয়, তবে স্বামী বিবেকানন্দের নাম দেওয়া যেতে পারে, কারণ তাঁর সঙ্গে শিয়ালদহ স্টেশনের নাম অঙ্গাঙ্গিভাবে জড়িত।”

উল্লেখ্য, এর আগে ২০২০ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কলকাতা বন্দরের নাম শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নামে করার ঘোষণা করেছিলেন, যা পরে কেন্দ্রীয় মন্ত্রীসভাতেও অনুমোদিত হয়।