‘পুলিশ অভয়ার বাবা-মাকে ‘খতম’ করে দিতে চেয়েছিলো!’, বিস্ফোরক মন্তব্য শুভেন্দুর

গতকালের নবান্ন অভিযানে আহত প্রয়াত জুনিয়র ডাক্তার অভয়ার মা-বাবাকে হাসপাতালে দেখতে গিয়ে রাজ্য পুলিশের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি অভিযোগ করেন যে, পুলিশ অভয়ার বাবা-মাকে ‘খতম’ করার চেষ্টা করেছিল।
শুভেন্দু অধিকারী বলেন, “নবান্ন অভিযানে অভয়ার বাবা-মা পুলিশের পথের কাঁটা ছিলেন, তাই পুলিশ তাঁদের খতম করতে চেয়েছিল।” তিনি আরও দাবি করেন যে, পুলিশ অমানবিক ভাবে তাঁদের উপর লাঠিচার্জ করেছে, যার ফলে তাঁরা গুরুতর আহত হয়েছেন। তাঁর মতে, রাজ্য সরকার অভয়ার বাবা-মায়ের ন্যায়বিচারের লড়াইকে ভয় পাচ্ছে এবং সেই কারণেই তাঁদের কণ্ঠ রোধ করার চেষ্টা করা হচ্ছে।
গতকাল নবান্ন অভিযানের সময় প্রয়াত জুনিয়র ডাক্তারের বাবা-মা পুলিশের বিরুদ্ধে মারধরের অভিযোগ তোলেন। পুলিশি লাঠিচার্জে অভয়ার মায়ের মাথায় ও শরীরে আঘাত লাগে এবং তিনি অসুস্থ হয়ে পড়েন। এরপর তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়।
শুভেন্দু অধিকারী এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন এবং দোষী পুলিশ কর্মীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছেন। তিনি আরও বলেন, “আমরা এই ঘটনার শেষ দেখে ছাড়ব। ন্যায়বিচারের জন্য আমরা অভয়ার পরিবারের পাশে আছি।”
এই অভিযোগের পর রাজ্য রাজনীতিতে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। শাসকদল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে শুভেন্দু অধিকারীর এই মন্তব্য পুলিশের ভূমিকা নিয়ে গুরুতর প্রশ্ন তৈরি করেছে।