“শরীরে একাধিক জায়গায় কালশিটে দাগ”- আহত অভয়ার মাকে নিয়ে যা যা বললেন সজল ঘোষ

গতকালের নবান্ন অভিযানকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। এই অভিযানের সময় পুলিশের আক্রমণে আহত হন প্রয়াত জুনিয়র ডাক্তার অভয়ার মা। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর শারীরিক অবস্থার খোঁজ নিতে হাসপাতালে গিয়েছিলেন বিজেপি নেতা সজল ঘোষ, এবং তিনিই সংবাদমাধ্যমকে তাঁর বর্তমান পরিস্থিতি সম্পর্কে অবহিত করেছেন।

সজল ঘোষ জানান, অভয়ার মা পুলিশের আক্রমণে গুরুতরভাবে আহত হয়েছেন। তিনি বলেন, “তাঁর মাথায় আঘাত লেগেছে এবং শরীরে একাধিক জায়গায় কালশিটে দাগ রয়েছে। তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে এবং বর্তমানে চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন।” সজল ঘোষের দাবি, পুলিশ সম্পূর্ণ অমানবিকতার সঙ্গে অভয়ার মায়ের উপর আক্রমণ করেছে, যা অত্যন্ত নিন্দনীয়।

এই ঘটনাকে কেন্দ্র করে পুলিশের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ উঠেছে। অভয়ার মা নিজেও অভিযোগ করেছেন যে পুরুষ ও মহিলা পুলিশ উভয়েই তাকে লাঠি দিয়ে মেরেছে। এই হামলার ফলে তাঁর শাঁখা ভেঙে গেছে এবং তিনি রাস্তায় পড়ে গিয়েছিলেন। এই ঘটনায় রাজ্যজুড়ে ব্যাপক রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে।

সজল ঘোষ আরও বলেন, “আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি এবং অবিলম্বে দোষী পুলিশ কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি। একজন বিচারপ্রার্থীর ওপর এ ধরনের হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।”

বর্তমানে অভয়ার মা-এর চিকিৎসা চলছে। চিকিৎসকরা জানিয়েছেন, আঘাত গুরুতর হলেও তিনি এখন স্থিতিশীল রয়েছেন। তবে এই ঘটনা নবান্ন অভিযানের রাজনৈতিক উত্তাপ আরও বাড়িয়ে দিয়েছে।