ফের নিম্নচাপের ভ্রুকুটি! দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কমলেও উত্তরে ভারী বৃষ্টির পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের

দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কিছুটা কমলেও উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। তবে আগামী ১৩ই আগস্ট বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ দানা বাঁধতে পারে, যার প্রভাবে দক্ষিণবঙ্গে আবারও ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। এর জেরে মঙ্গল ও বুধবার মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী ১৩ই আগস্ট উত্তর-পশ্চিম এবং পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। বর্তমানে মৌসুমী অক্ষরেখা বাঁকুড়া ও দিঘার উপর দিয়ে পূর্ব ও দক্ষিণ পূর্ব দিকে এগিয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। ফলে রাজ্য জুড়ে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত চলতেই থাকবে।

দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস

আপাতত দক্ষিণবঙ্গে বুধবার পর্যন্ত বৃষ্টির পরিমাণ কিছুটা কম থাকবে। রবিবার পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, নদিয়া এবং মুর্শিদাবাদের কিছু অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোম ও মঙ্গলবার দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ আরও কমবে। তবে বুধবার থেকে পরিস্থিতির পরিবর্তন হতে পারে। বিশেষ করে দক্ষিণ ২৪ পরগনার কিছু অংশে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

কলকাতার আবহাওয়া সম্পর্কে আবহাওয়া দপ্তর জানিয়েছে, রবিবার শহরে বৃষ্টির সম্ভাবনা কম। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় তাপমাত্রা সামান্য বাড়তে পারে। এই সপ্তাহে কলকাতায় বৃষ্টির সম্ভাবনা তুলনামূলকভাবে কম থাকবে। আজ সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে এবং গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৭ ডিগ্রি সেলসিয়াস।

উত্তরবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস

দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কম থাকলেও উত্তরবঙ্গে বর্ষার দাপট অব্যাহত। রবিবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে। অন্যান্য জেলাতেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে।

সোমবার উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে অতিভারী বৃষ্টি হতে পারে। মঙ্গলবার জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে অতিভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া দার্জিলিং, কালিম্পং এবং কোচবিহারে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বুধবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।