বাংলা কোনও ভাষা নয়! মালব্যর দাবি শুনে রবীন্দ্রনাথের ‘বাংলার মাটি, বাংলার জল…’ গান ধরলেন রাজ্যপাল

বাংলা ও বাঙালি জাতিসত্তা নিয়ে যখন বিতর্ক তুঙ্গে, তখন রাজ্যপাল সিভি আনন্দ বোস রবীন্দ্রসঙ্গীত গেয়ে তার অবস্থান স্পষ্ট করলেন। শুক্রবার রাজভবনে এক সাংবাদিক বৈঠকে বিজেপি নেতা অমিত মালব্যের ‘বাংলা কোনো ভাষা নয়’ মন্তব্যের প্রতিক্রিয়ায় তিনি গেয়ে ওঠেন রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত গান ‘বাংলার মাটি, বাংলার জল’।

রাজ্যপাল এই মন্তব্যটিকে প্রথমে ‘রাজনৈতিক’ বললেও পরক্ষণেই বাংলার রাজ্যপাল হিসেবে বলেন, “বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল, পুণ্য হোক, পুণ্য হোক, পুণ্য হোক, হে ভগবান।” এই গানটি বাঙালির ঐক্য ও প্রতিবাদের প্রতীক হিসেবে পরিচিত।

ভিন রাজ্যে বাঙালি পরিযায়ী শ্রমিকদের হেনস্থা এবং তাদের ‘বাংলাদেশি’ তকমা দেওয়ার ঘটনা নিয়েও তিনি মুখ খোলেন। তিনি বলেন, “এটি এমন একটি ঘটনা যার জাতীয় স্তরে দৃষ্টি আকর্ষণ করা প্রয়োজন। গণতন্ত্রে গ্রহণযোগ্যভাবে এর সমাধান প্রয়োজন। আমার বিশ্বাস এক্ষেত্রেও ন্যায়বিচার হবে।”

SIR এবং অন্যান্য ইস্যু:

রাজ্যপাল ‘ইনটেনসিভ রিভিশন’ বা ভোটার তালিকার বিশেষ ও নিবিড় পরিমার্জন (SIR) ইস্যুতেও কথা বলেন। যখন তাকে এই বিষয়ে প্রশ্ন করা হয়, তার কিছু সময় আগেই নবান্ন থেকে মুখ্যসচিব চিঠি দিয়ে জানিয়েছেন যে বাংলা SIR-এর জন্য প্রস্তুত নয়। এই প্রসঙ্গে রাজ্যপাল বলেন, “এক্ষেত্রে ভিন্ন মত থাকতেই পারে। আমার মনে হয়, আলোচনার পরিপ্রেক্ষিতে সহমত গঠন প্রয়োজন, যাতে দেশের মানুষ সুষ্ঠ ও স্বাভাবিক নির্বাচন পেতে পারে।” তিনি বলেন, এটা কমিশনের নিয়মমাফিক কাজের অংশ।

SIR ইস্যু ছাড়াও বাংলার ERO সাসপেনশন এবং কোচবিহারে শুভেন্দু অধিকারীর গাড়িতে হামলার ঘটনা নিয়েও তিনি মন্তব্য করেছেন। উভয় ক্ষেত্রেই তিনি ‘সহমতের ভিত্তিতে সমাধানের’ কথা বলেছেন এবং কোচবিহারের ঘটনায় রাজ্যের কাছে দ্রুত রিপোর্ট ও পদক্ষেপের দাবি জানিয়েছেন।