প্রবল বর্ষায় রাস্তায় এক হাটু কাদা! বিরক্ত হয়ে পথেই ধানের চাঁরা পুঁতে বিক্ষোভ মহিলাদের

দীর্ঘদিনের বেহাল রাস্তার প্রতিবাদে এবার অভিনব বিক্ষোভ দেখালেন বাঁকুড়ার ছাতনা ব্লকের বৃন্দাবনপুর গ্রামের মহিলারা। প্রবল বর্ষায় এক হাঁটু কাদা জমে থাকায় গ্রামবাসীরা রাস্তা দিয়ে চলাচল করতে পারছেন না। এর প্রতিবাদে শুক্রবার তারা রাস্তার ওপর ধানের চারা পুঁতে তাদের ক্ষোভ প্রকাশ করেন।

পড়াশিবনা, বৃন্দাবনপুর, কেলাই, তালারডাঙ্গা এবং জিয়াড়া সহ প্রায় সাত থেকে আটটি গ্রামের মানুষের যাতায়াতের একমাত্র মাধ্যম হলো পড়াশিবনা থেকে কেলাই পর্যন্ত এই কাঁচা রাস্তা। এর মধ্যে পড়াশিবনা থেকে বৃন্দাবনপুর পর্যন্ত প্রায় দুই কিলোমিটার অংশটি সবচেয়ে খারাপ অবস্থায় রয়েছে। সম্প্রতি স্থানীয় আড়রা গ্রাম পঞ্চায়েত রাস্তাটি মাটি দিয়ে মেরামত করার চেষ্টা করেছিল, কিন্তু বর্ষার জলে সেই মাটি কাদার রূপ ধারণ করায় পরিস্থিতি আরও খারাপ হয়েছে।

স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন যে, বারবার গ্রাম পঞ্চায়েতকে জানানো সত্ত্বেও কোনো লাভ হয়নি। তাদের মতে, রাস্তার অবস্থা এখন ধানের জমির চেয়েও খারাপ। এই পরিস্থিতিতে যাতায়াত কার্যত অসম্ভব হয়ে পড়েছে।

তাই বাধ্য হয়ে শুক্রবার গ্রামের মহিলারা রাস্তায় নেমে এই প্রতিবাদে সামিল হন। তারা ধানের চারা পুঁতে এবং বিক্ষোভ দেখিয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেন। তাদের দাবি, ভোটের সময় নেতারা ভোট চাইতে এলেও রাস্তার উন্নয়নে কোনো জনপ্রতিনিধিকে উদ্যোগী হতে দেখা যায়নি।

গ্রামবাসীরা হুঁশিয়ারি দিয়েছেন যে, যদি দ্রুত রাস্তার হাল না ফেরানো হয়, তবে তারা বিডিও অফিস ঘেরাও করবেন। এই অভিনব প্রতিবাদ এখন ওই এলাকার আলোচনার মূল বিষয় হয়ে দাঁড়িয়েছে।