CJI-এর হস্তক্ষেপ, হাই কোর্টের বিচারপতির বিরুদ্ধে আগের নির্দেশ বাতিল করল সুপ্রিম কোর্ট

এলাহাবাদ হাইকোর্টের বিচারপতি প্রশান্ত কুমারের ফৌজদারি মামলার বিচার করার উপর সুপ্রিম কোর্টের যে নিষেধাজ্ঞা জারি হয়েছিল, তা প্রত্যাহার করে নেওয়া হয়েছে। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বিআর গাভাইয়ের অনুরোধের পর বিচারপতি জেবি পারদিওয়ালা এবং বিচারপতি আর মহাদেবনের ডিভিশন বেঞ্চ শুক্রবার তাদের পূর্বের নির্দেশ ফিরিয়ে নেয়। এই ঘটনা বিচার বিভাগীয় মহলে ব্যাপক বিতর্কের জন্ম দিয়েছিল।

গত ৪ আগস্ট বিচারপতি পারদিওয়ালার ডিভিশন বেঞ্চ এলাহাবাদ হাইকোর্টের বিচারপতি প্রশান্ত কুমারের একটি রায়ের সমালোচনা করে তাকে ফৌজদারি মামলার বিচার প্রক্রিয়া থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছিল। একই সঙ্গে, তাকে সিঙ্গল বেঞ্চের বদলে একজন সিনিয়র বিচারপতির সঙ্গে ডিভিশন বেঞ্চে বসার পরামর্শও দেওয়া হয়েছিল। বিচারপতি কুমার একটি আর্থিক লেনদেন সংক্রান্ত দেওয়ানি মামলার ফৌজদারি অভিযোগ খারিজ করতে অস্বীকার করেছিলেন এবং তার যুক্তি ছিল, দেওয়ানি মামলায় টাকা পুনরুদ্ধার করা কঠিন, তাই ফৌজদারি মামলা চালানো যেতে পারে। সুপ্রিম কোর্ট তার এই যুক্তিকে ‘বিকৃত ও আইনসম্মত নয়’ বলে তীব্র সমালোচনা করেছিল।

সুপ্রিম কোর্টের এই কঠোর পদক্ষেপের পর বিচার বিভাগীয় মহলে ব্যাপক সমালোচনা শুরু হয়। প্রধান বিচারপতি বিআর গাভাই এই বিষয়ে হস্তক্ষেপ করেন এবং ডিভিশন বেঞ্চকে চিঠি লিখে তাদের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার অনুরোধ জানান। একইসঙ্গে, এলাহাবাদ হাইকোর্টের ১৩ জন বিচারপতিও হাইকোর্টের প্রধান বিচারপতিকে চিঠি লিখে সুপ্রিম কোর্টের নির্দেশ কার্যকর না করার আবেদন জানিয়েছিলেন।

প্রধান বিচারপতির অনুরোধে সাড়া দিয়ে শুক্রবার বিচারপতি পারদিওয়ালা এবং বিচারপতি আর মহাদেবনের ডিভিশন বেঞ্চ তাদের পূর্বের আদেশ প্রত্যাহার করে। বিচারপতি পারদিওয়ালা বলেন, “আমাদের উদ্দেশ্য কোনো বিচারপতিকে বিব্রত করা ছিল না। আমরা বিচার ব্যবস্থার সম্মান ও মর্যাদা বজায় রাখতে চেয়েছিলাম।” তিনি আরও বলেন, দেশের বেশিরভাগ মামলাকারীর কাছে হাইকোর্টের সিদ্ধান্তই চূড়ান্ত, তাই আদালতের সিদ্ধান্ত সবসময় আইন অনুসারে হওয়া উচিত।

এই ঘটনার ফলে বিচার বিভাগীয় হস্তক্ষেপ এবং বিচারপতির স্বাধীনতা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। সুপ্রিম কোর্টের এই সিদ্ধান্ত প্রত্যাহারের ঘটনা বিচার বিভাগের অভ্যন্তরীণ ভারসাম্য এবং প্রধান বিচারপতির ভূমিকা নিয়েও নানা প্রশ্ন তুলেছে।