“ভাষা সন্ত্রাস মানব না”, কবিগুরুর প্রয়াণ দিবসে BJP-কে নাম না করে তোপ মমতার

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবসে তাঁকে শ্রদ্ধা জানানোর পাশাপাশি নাম না করে বিজেপিকে আক্রমণ করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, বাংলা ভাষার ওপর যখন ‘সন্ত্রাস’ নেমে আসছে, তখন রবীন্দ্রনাথই তাদের লড়াই করার প্রেরণা।
মুখ্যমন্ত্রী এক বিবৃতিতে বলেন, “বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবসে আমাদের প্রাণের ঠাকুরকে জানাই আমার অন্তরের শ্রদ্ধা ও প্রণাম। আজ শুধু বাংলা ভাষা বলার জন্য বাঙালির উপর যখন সন্ত্রাস নেমে আসছে, তখন তিনিই আমাদের লড়াই করার প্রেরণা।” তিনি আরও জানান, রবীন্দ্রনাথ বাংলা ভাষার সর্বকালের শ্রেষ্ঠ প্রতিভা।
মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “আজ যখন তাঁর ভাষার ওপর আক্রমণ নেমেছে, তখন আমরা দুঃখিত, ব্যথিত, মর্মাহত। চিত্ত যেথা ভয়শূন্য, উচ্চ যেথা শির, সেই ভারতের নির্মাণে রবীন্দ্রনাথই আমাদের ধ্রুবতারা। রবীন্দ্রনাথের শান্তিনিকেতন থেকে তাঁকে প্রণাম জানিয়ে, আমরা ভাষা সন্ত্রাসের বিরুদ্ধে আন্দোলন শুরু করেছি। যতদিন এই বাংলা-বিদ্বেষ চলবে, আমরা লড়াই চালিয়ে যাবো। আর এই লড়াইয়ের পথে রবীন্দ্রনাথই আমাদের পথনির্দেশক।”
তিনি নতুন করে শপথ নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, “বাংলার উপর ভাষা সন্ত্রাস মানব না।”
মুখ্যমন্ত্রী ঝাড়গ্রামের একটি সরকারি কর্মসূচিতেও ভাষা সন্ত্রাস নিয়ে সরব হয়েছিলেন। শুক্রবার তিনি আবারও বলেন, “বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের চরণে আমার প্রণতি জানাই। প্রতিদিন, প্রতিক্ষণ তিনি আমাদের অন্তরে থাকেন।” তিনি বলেন, “জাগরিত হোক সেই দেশ, যেখানে রবীন্দ্রনাথের ভাষা, বাংলা ভাষা, সম্মান পায়, মর্যাদা পায় ও সকল দেশবাসীর ভালবাসা পায়। বিকশিত হোক সেই দেশ, যে দেশে ভাষা-সন্ত্রাস থাকবে না।”
মুখ্যমন্ত্রীর এই মন্তব্যকে রাজনৈতিক মহল বিজেপির বিরুদ্ধে এক তীক্ষ্ণ আক্রমণ হিসেবে দেখছে। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে এই ‘ভাষা সন্ত্রাস’ ইস্যু নিয়ে রাজনৈতিক বিতর্ক আরও বাড়বে বলে মনে করা হচ্ছে।