ট্র্যাফিক আইন ভাঙতেই ধরা পড়ল ভুয়ো পুলিশ! সুলেখা মোড়ে গ্রেফতার ১, ঘটনায় চাঞ্চল্য

ট্র্যাফিক সিগন্যাল না মেনে বাইক চালানোর অভিযোগে এক ভুয়ো পুলিশ কর্মীকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকালে সুলেখা মোড়ে। অভিযুক্ত ব্যক্তি নিজেকে বিধাননগর পুলিশ কমিশনারেটের কর্মী বলে পরিচয় দিয়েছিলেন, কিন্তু জিজ্ঞাসাবাদে তার পরিচয় ভুয়ো প্রমাণিত হয়।
যাদবপুর ট্র্যাফিক গার্ডের এক কর্তব্যরত ট্র্যাফিক সার্জেন্ট সুলেখা মোড়ে ডিউটি করার সময় ওই বাইক আরোহীকে ট্র্যাফিক আইন লঙ্ঘনের অভিযোগে আটকান। বাইক আরোহী ট্র্যাফিক সার্জেন্টকে বলেন যে তিনি বিধাননগর কমিশনারেটের পুলিশ কর্মী। কিন্তু তার কথায় সন্দেহ হয় ট্র্যাফিক সার্জেন্টের।
সার্জেন্টের লাগাতার জিজ্ঞাসাবাদে অভিযুক্ত তার পুলিশ পরিচয় নিয়ে কোনো সঠিক প্রমাণ দেখাতে ব্যর্থ হন। এরপর যাদবপুর থানায় ওই কর্তব্যরত ট্র্যাফিক সার্জেন্ট একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয় এবং শুক্রবার তাকে আদালতে পেশ করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, ট্র্যাফিক আইন ভাঙার কারণেই ওই ব্যক্তি ধরা পড়েছেন। যদি তিনি নিজেকে পুলিশ বলে পরিচয় না দিতেন, তাহলে হয়তো কেবল জরিমানা দিয়েই ছাড়া পেয়ে যেতেন। কিন্তু ভুয়ো পরিচয় দেওয়ার কারণে তাকে গ্রেফতার করা হয়েছে। এই ঘটনাটি শহরজুড়ে ভুয়ো পুলিশ চক্রের বিরুদ্ধে পুলিশকে আরও সতর্ক থাকতে উৎসাহিত করেছে।