ইঞ্জিনে ঢুকে গেল রেলকর্মীর হাত! হইহই স্টেশন চত্বরে, হাওড়াগামী এ কী কাণ্ড?

প্রতিদিনের মতো শুক্রবার সকালেও হাওড়াগামী ডাউন বর্ধমান লোকাল মেমারি স্টেশনের ৩ নম্বর প্ল্যাটফর্মে এসে দাঁড়ায়। কিন্তু এরপরই ঘটে এক অস্বাভাবিক ঘটনা, যার জেরে প্রায় দেড় ঘণ্টা আটকে থাকে ট্রেনটি।

ট্রেনটি প্ল্যাটফর্মে দাঁড়ানোর পর যাত্রীরা স্বাভাবিকভাবেই উঠে পড়েন। কিন্তু ট্রেনটি আর স্টেশন ছাড়ে না। যাত্রীরা অধৈর্য হয়ে কামরা থেকে নেমে আসেন এবং ইঞ্জিনের দিকে এগিয়ে যান। সেখানে গিয়ে তারা যা দেখলেন, তাতে তাদের চোখ কপালে ওঠে। ট্রেনের ইঞ্জিনের ভিতরে এক ব্যক্তির হাত আটকে রয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, হাত আটকে পড়া ওই ব্যক্তি একজন রেলকর্মী। বর্ধমান থেকে তিনি কাজে যাচ্ছিলেন এবং চালকের কামরায় উঠেছিলেন। মেমারি স্টেশনে ঢোকার ঠিক আগে ইঞ্জিনের ভিতরে কিছু একটা পড়ে যায়। সেটি উদ্ধার করতে গিয়ে তিনি হাত ঢোকান, কিন্তু কোনোভাবে তার হাত আটকে যায় এবং তিনি তা বের করতে পারেননি।

খবর পেয়ে মেমারি স্টেশনের অন্য কর্মীরা ঘটনাস্থলে ছুটে আসেন। প্রায় দেড় ঘণ্টার চেষ্টার পর ওই রেলকর্মীকে নিরাপদে উদ্ধার করা হয়। এই সময়ের মধ্যে আটকে থাকা যাত্রীদের অন্য একটি ট্রেনে তুলে দেওয়া হয়, যাতে তারা গন্তব্যে পৌঁছাতে পারেন। রেলকর্মীকে উদ্ধারের পর যান্ত্রিক সমস্যার সমাধান করে ট্রেনটি আবার তার গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেয়।

এই ঘটনায় পূর্ব রেলের জনসংযোগ আধিকারিক দীপ্তিময় দত্ত জানান, “যান্ত্রিক গোলযোগের কারণে হাওড়াগামী ডাউন বর্ধমান লোকাল মেমারি স্টেশনে দেড় ঘণ্টা আটকা পড়েছিল। পরে সেই যান্ত্রিক সমস্যার সমাধান হলে ট্রেনটি আবার রওনা করে দেওয়া হয়।”