“কারুর জন্য কিছু থেমে থাকে না….”, তবে কি ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকে দেখা যাবে না জিতুকে?

অভিনেত্রী দিতিপ্রিয়া রায়ের সঙ্গে সাম্প্রতিক বিতর্কের জেরে স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘চিরদিনই তুমি যে আমার’ ছেড়ে দেওয়ার গুঞ্জন নিয়ে এবার মুখ খুললেন অভিনেতা জিতু কমল। একটি সাক্ষাৎকারে তিনি স্পষ্ট জানিয়েছেন, পেশাদারিত্বের জায়গা থেকে তিনি এমন কোনো অপেশাদার সিদ্ধান্ত নেবেন না। একই সঙ্গে তিনি দিতিপ্রিয়ার অভিযোগকে ‘ছেলেমানুষি’ বলে মন্তব্য করেছেন এবং তাঁর প্রতি কোনো রাগ-অভিমান নেই বলেও জানিয়েছেন।
বিতর্কের সূত্রপাত হয় দিতিপ্রিয়ার অভিযোগ থেকে, যেখানে তিনি জিতুর বিরুদ্ধে মাত্রাতিরিক্ত ইয়ার্কির অভিযোগ তুলেছিলেন, যা তাঁর অস্বস্তির কারণ হয়েছিল। এরপর জিতু তাদের কথোপকথনের কিছু স্ক্রিনশট সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলে পরিস্থিতি আরও জটিল হয়। এই ঘটনার জেরে গুঞ্জন ওঠে, জিতু হয়তো ধারাবাহিকটি ছেড়ে দেবেন।
এই প্রসঙ্গে জিতু কমল বলেন, “আমি আমার পরিচালক ও প্রযোজকের কাছে দায়বদ্ধ। খুব বড় কিছু না হলে বা শারীরিক অসুস্থতা ছাড়া আমি কখনো এমন পদক্ষেপ নেব না।” তিনি আরও বলেন, তিনি এখনো এনওসি (নো অবজেকশন সার্টিফিকেট) দেননি এবং বাকিটা চ্যানেল ও প্রযোজকের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। তিনি বলেন, “আমি কল টাইম পেতে আগ্রহী।”
মানসিক অবস্থার প্রসঙ্গে জিতু বলেন, “মানসিক ভাবে কেন অসুবিধা হবে? পেশাদারিত্ব আর ব্যক্তিগত জীবন আলাদা। আমার দর্শকদের প্রতি একটা দায়বদ্ধতা রয়েছে। আমি যখন কাজটা নিয়েছি, তখন সেটা শেষও তো করতে হবে।”
তবে অনেকেই জানিয়েছিলেন যে জিতু না থাকলে তাঁরা আর মেগাটি দেখবেন না। এই প্রসঙ্গে জিতু বলেন, “কারুর জন্য কিছু থেমে থাকে না। তাই এটা নিয়ে কোনো মন্তব্য করার জায়গায় আমি নেই।”
দিতিপ্রিয়ার অভিযোগ প্রসঙ্গে জিতু সরাসরি তার নাম না নিয়ে বলেন, “ছেলেমানুষি করে ফেলেছে সেটা সকলেই বুঝতে পারছেন। আমিও স্ক্রিনশটগুলো দিতে চাইনি। কিন্তু আমাকেও তো কোথাও আমার মান সম্মান রক্ষা করতে হত। ‘মি টু’ শব্দটা শুধু লেখা হয়নি, বাকি সবই তো লেখা হয়েছে। সেখানে আমি একদিন সময় দিয়েছিলাম, তাঁরা বুঝতে চাননি যে এটা কত বড় অপবাদ।”
এরপর দিতিপ্রিয়ার নাম নিয়ে তিনি বলেন, “দিতি খুব ছোট, ও এত ভালো কাজ করছে, ওর ভবিষ্যৎ খুব উজ্জ্বল। ও হয়তো কোনো প্ররোচনায় পা দিয়ে এমনটা করেছে।” তবে তিনি স্পষ্ট করে জানান, দিতিপ্রিয়ার প্রতি তাঁর কোনো রাগ বা অভিমান নেই।