‘আ মোমেন্ট টু রিমেম্বার’-এর নকল ‘সাইয়ারা’? অবশেষে মুখ খুললেন লেখক, বললেন….

পরিচালক মোহিত সুরির নতুন সিনেমা ‘সাইয়ারা’ বক্স অফিসে ঝড় তুলেছে। বিশ্বব্যাপী ৫০০ কোটির আয়ের মাইলফলক ছুঁয়ে ছবিটি এখন সাফল্যের শিখরে। কিন্তু এই বিপুল সাফল্যের মাঝেই উঠেছে বিতর্কের ঝড়। কিছু দর্শক এবং সমালোচক অভিযোগ করেছেন, ছবিটি নাকি ২০০৪ সালের জনপ্রিয় কোরিয়ান সিনেমা ‘আ মোমেন্ট টু রিমেম্বার’-এর নকল। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে এবার মুখ খুলেছেন ‘সাইয়ারা’-র লেখক সঙ্কল্প সাধনা।

বিতর্কের জবাবে সঙ্কল্প সাধনা সরাসরি বলেন, “এই বিষয়ে অনেক কথা হয়েছে। আমি শুধু এইটুকু বলতে পারি যে, কোরিয়ান সিনেমাটিও আছে, আর ‘সাইয়ারা’-ও আছে। আপনারা দুটো ছবিই দেখুন এবং নিজেরা বিচার করুন। তাহলেই বুঝতে পারবেন যে এটি কেবল অনুপ্রাণিত, নকল, নাকি সম্পূর্ণ একটি মৌলিক গল্প।”

তিনি আরও জানান, ‘সাইয়ারা’-র গল্পের ভাবনা কীভাবে এসেছিল। সঙ্কল্প বলেন, “আমরা যখন ‘আশিকি ৩’ নিয়ে আলোচনা করছিলাম, তখন মোহিতের বান্দ্রার অফিসে একটি ছোট কথোপকথন থেকে এই গল্পের জন্ম হয়। সেদিন বৃষ্টি পড়ছিল এবং আমরা একটি মিটিং শেষ করে বের হচ্ছিলাম। হঠাৎ মোহিত আমাকে থামিয়ে বলেন যে তিনি আমাকে কিছু শোনাতে চান। এরপর তিনি একটি ভাবনা শেয়ার করেন এবং জানতে চান যে এটি নিয়ে একটি সিনেমা বানানো সম্ভব কি না।” সেই ভাবনা থেকেই গল্পের পরবর্তী কাজ শুরু হয় বলে তিনি জানান।

একদিকে যেমন সিনেমাটি দেখে দর্শকরা প্রেক্ষাগৃহে আবেগপ্রবণ হয়ে পড়ছেন, অনেকে আবার এই কান্নাকাটিকে ছবির প্রচারের একটি অংশ বলেও মনে করছেন। অন্যদিকে, অনেকেই বলছেন গল্পটি মৌলিক নয়, এবং সেই দাবিতে তাঁরা অনড়। তবে সব বিতর্ককে ছাপিয়ে ‘সাইয়ারা’ এখন এই বছরের হিন্দি ছবির বাণিজ্যে সলমন খান এবং আমির খানের মতো তারকাদের ছবিকে টপকে এক নম্বর হওয়ার দৌড়ে এগিয়ে চলেছে।