ট্রেন ছাড়ার ১৫ মিনিট আগেও পাবেন কনফার্ম টিকিট, দুরন্ত অফার নিয়ে এলো রেল

ট্রেন যাত্রীদের জন্য নতুন এক সুবিধা চালু করল ভারতীয় রেলওয়ে। এখন থেকে বন্দে ভারত এক্সপ্রেসের টিকিট ট্রেন ছাড়ার মাত্র ১৫ মিনিট আগেও অনলাইনে বুক করা যাবে। দক্ষিণ রেলওয়ে প্রাথমিকভাবে এই পরিষেবাটি শুরু করেছে, যা যাত্রীদের শেষ মুহূর্তের ভ্রমণের জন্য দারুণ সুবিধা দেবে।

আগে বন্দে ভারত এক্সপ্রেস তার শুরুর স্টেশন থেকে ছেড়ে গেলে মাঝপথে স্টেশনগুলোতে আসন খালি থাকলেও যাত্রীরা অনলাইনে টিকিট বুক করতে পারতেন না। কিন্তু রেলের নতুন নিয়মে এই সমস্যা দূর হলো। এই সুবিধাটি আপাতত তামিলনাড়ু, কেরল, কর্ণাটক এবং অন্ধ্র প্রদেশে চলাচলকারী ৮টি বন্দে ভারত এক্সপ্রেসে চালু করা হয়েছে। যাত্রীদের কাছ থেকে ভালো সাড়া পেলে ভবিষ্যতে অন্যান্য ট্রেনেও এটি চালু করা হবে বলে আশা করা হচ্ছে।

এই সুবিধা পেতে হলে যাত্রীদের IRCTC ওয়েবসাইট অথবা অ্যাপে গিয়ে সাধারণ বুকিং প্রক্রিয়ার মতোই টিকিট কাটতে হবে। নতুন নিয়মে এখন থেকে যাত্রীরা ভ্রমণের মাঝপথেও কোনো স্টেশনে আসন খালি থাকলে অনলাইনে টিকিট বুক করে যাত্রা করতে পারবেন। এই পদক্ষেপের ফলে শেষ মুহূর্তে ভ্রমণকারীদের ভোগান্তি অনেকটাই কমবে। বর্তমানে সারা দেশে ১৪৪টি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন চলছে।