“রুল মানতে হবে…”- DA মামলার চতুর্থ দিনেও রাজ্যকে ভর্ৎসনা করলো সুপ্রিম কোর্ট

ডিএ সংক্রান্ত মামলার শুনানিতে বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট ফের রাজ্য সরকারকে কড়া প্রশ্নের মুখে ফেলেছে। বিচারপতি সঞ্জয় কারোল এবং বিচারপতি পিকে মিশ্রর ডিভিশন বেঞ্চ জানিয়েছে যে, রাজ্য সরকার নিজেই বিভ্রান্তি তৈরি করে তার সুযোগ নেওয়ার চেষ্টা করছে। আদালত স্পষ্ট করে দিয়েছে যে, রাজ্যকে তার নিজের তৈরি নিয়ম বা রোপা (ROPA) আইন মানতে হবে। মামলার পরবর্তী শুনানি আগামী মঙ্গলবার ধার্য করা হয়েছে।
এদিন মামলাকারীদের আইনজীবী রউফ রহিম অভিযোগ করেন যে, রাজ্য সরকার কোনো সুনির্দিষ্ট নীতি ছাড়াই খেয়ালখুশি মতো ডিএ দিচ্ছে, যা মূল্যবৃদ্ধির সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। তিনি বলেন, “রাজ্য বলতে পারে না যে তারা বেতন কমিশনের সুপারিশ মানবে না। তা হলে কিসের ভিত্তিতে ডিএ দিচ্ছে?”
রাজ্যের আইনজীবী শ্যাম দিওয়ান পাল্টা সওয়াল করে বলেন, ডিএ দেওয়ার বিষয়টি রাজ্যের নিজস্ব অধিকার। তবে সুপ্রিম কোর্ট তাঁর যুক্তি খারিজ করে দিয়ে বলে, “আমরা কোনো ধারণা তৈরি করিনি। আপনি নিজেই বলেছিলেন রোপার ভিত্তিতে ডিএ দেওয়া হবে, বকেয়াও দেওয়া হবে। আপনাকে আইন মানতে হবে।” এর আগে আদালত বকেয়া ডিএ-র ২৫ শতাংশ মিটিয়ে দেওয়ার নির্দেশ দিলেও রাজ্য তা মানেনি। রাজ্যের পক্ষ থেকে আরও সময় চেয়ে আবেদন করা হয়েছিল।