তৃণমূলের বৈঠকে ঐক্যের বার্তা, সুদীপ বন্দ্যোপাধ্যায়ের চেয়ার ফাঁকা রেখেই বসলেন অভিষেক

তৃণমূলের বৈঠকে ঐক্যের বার্তা, সুদীপ বন্দ্যোপাধ্যায়ের চেয়ার ফাঁকা রেখেই বসলেন অভিষেক
কলকাতা: লোকসভার দলনেতা হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবার সংসদ ভবনে তৃণমূলের দলীয় কার্যালয়ে বৈঠকে যোগ দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে এই বৈঠক ঘিরে তৈরি হওয়া জল্পনার পারদ আরও চড়িয়ে, দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়ের চেয়ারটি ফাঁকা রেখেই তার পাশের আসনে বসলেন তিনি। বৃহস্পতিবারের এই বৈঠকে অনুপস্থিত ছিলেন দলের বর্ষীয়ান সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ও, যা নিয়ে রাজনৈতিক মহলে নানা প্রশ্ন দেখা দিয়েছে।
বৈঠকের পর অভিষেক বন্দ্যোপাধ্যায় অবশ্য কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের অনুপস্থিতি নিয়ে ব্যাখ্যা দিয়েছেন। তিনি জানান, “কল্যাণ দা সকালেই আমাকে মেসেজ করে জানিয়ে দিয়েছেন যে আজ সুপ্রিম কোর্টে তাঁর একটি কেস রয়েছে। আমি তাঁর সঙ্গে আলাদা করে কথা বলব।” এর আগে দলের অভ্যন্তরে তাদের মধ্যেকার মতপার্থক্য নিয়ে তৈরি হওয়া জল্পনা উড়িয়ে দিয়েছিলেন অভিষেক।
এদিন দলনেতা হিসেবে সাংসদদের কী বার্তা দিয়েছেন জানতে চাইলে অভিষেক বলেন, “সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। লোকসভার কার্যক্রমে আরও বেশি করে অংশ নিতে হবে এবং দলের অগ্রাধিকার হচ্ছে বাংলা।” দলের ঐক্যের প্রশ্নে তিনি বলেন, “বর্তমান টিমের মধ্যে কোনো মতপার্থক্য নেই। মিডিয়া যতই খুঁত খোঁজার চেষ্টা করুক, সবাই একসঙ্গে আছে।”
এদিকে, দিল্লি যাওয়ার আগে কলকাতা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “নির্বাচন কমিশনের এখতিয়ার তখনই শুরু হয় যখন আদর্শ আচরণবিধি ঘোষণা করা হয়। কিন্তু নির্বাচন প্রায় ১০-১১ মাস বাকি থাকতেই কমিশন এখতিয়ার বহির্ভূতভাবে কাজ করছে।” তাঁর অভিযোগ, কমিশন সরকারের কাজে বাধা দিচ্ছে।