অপুষ্টিতে ভোগা শিশুদের জন্য বরাদ্দ ১২ টাকা, গরুর জন্য ৪০! মধ্যপ্রদেশে পুষ্টি বাজেট নিয়ে বিতর্ক

মধ্যপ্রদেশে অপুষ্টিতে আক্রান্ত শিশুদের জন্য সরকারি বরাদ্দ এবং গরুর রক্ষণাবেক্ষণের জন্য বরাদ্দকৃত অর্থের মধ্যে বিস্তর ফারাক নিয়ে রাজ্য রাজনীতিতে তীব্র বিতর্ক সৃষ্টি হয়েছে। সম্প্রতি বিধানসভায় কংগ্রেস বিধায়ক বিক্রান্ত ভুড়িয়ার প্রশ্নের জবাবে নারী ও শিশু কল্যাণ দফতর যে তথ্য দিয়েছে, তাতে দেখা যায়, গুরুতর অপুষ্টিতে ভোগা শিশুদের জন্য প্রতিদিন মাত্র ১২ টাকা এবং সাধারণ অপুষ্টিতে ভোগা শিশুদের জন্য ৮ টাকা খরচ করা হয়। এর বিপরীতে, রাজ্য সরকার গরুদের খাবারের জন্য প্রতিদিন ৪০ টাকা বরাদ্দ করেছে, যা চলতি বছরের বাজেটেই দ্বিগুণ করা হয়েছে।
বিক্রান্ত ভুড়িয়া সরকারের এই নীতি নিয়ে তীব্র সমালোচনা করে বলেন, “যেখানে গরুর খাবারের জন্য প্রতিদিন ৪০ টাকা খরচ করা হচ্ছে, সেখানে অপুষ্টিতে আক্রান্ত শিশুদের জন্য মাত্র ১২ টাকা বরাদ্দ করা হয়েছে। দুধের দাম ৭০ টাকা প্রতি লিটার আর সরকারি মিটিংগুলোতে হাজার হাজার টাকার মুখরোচক খাবার ও ড্রাই ফ্রুট খাওয়া হচ্ছে, অথচ যে শিশুদের শরীরে মাংসের লেশমাত্র নেই, তাদের জন্য বরাদ্দ মাত্র ১২ টাকা।”
পরিসংখ্যান অনুযায়ী, মধ্যপ্রদেশে ১ লক্ষ ৩৬ হাজার শিশু অপুষ্টিতে ভুগছে, যার মধ্যে ২৯ হাজার শিশুর অবস্থা গুরুতর। রাজ্যের অপুষ্টির হার ৭.৭ শতাংশ, যা জাতীয় গড়ের চেয়ে ৫.৪০ শতাংশ বেশি। এই অবস্থায় পুষ্টি বাজেটের এই ঘাটতি নিয়ে মোহন যাদবের বিজেপি সরকার সমালোচনার মুখে পড়েছে।
রাজ্যের নারী ও শিশু কল্যাণ মন্ত্রী নির্মলা ভূড়িয়া অবশ্য এই ঘাটতির কথা স্বীকার করে নিয়েছেন। তিনি জানান, পুষ্টি বাজেটে কেন্দ্রের কাছ থেকে বাড়তি আর্থিক সহায়তার জন্য আবেদন করা হয়েছে। তবে, সমালোচকরা বলছেন, রাজ্য সরকার গরুর সংরক্ষণে ৫০৫ কোটি টাকা বরাদ্দ করতে পারলেও, শিশুদের পুষ্টির বিষয়ে কেন উদাসীন, তা নিয়ে প্রশ্ন উঠছে।