“ধুমকেতু তো আমারই ছবি…”- শুভশ্রীকে নিয়ে দেবের মন্তব্যের পাল্টা জবাব রাজের!

গত ৪ আগস্ট ধুমকেতু ছবির ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে দেব এবং শুভশ্রীর খুনসুটি বেশ নজর কেড়েছিল। তাদের কথোপকথনে উঠে আসে ‘সন্তান’ ছবির প্রসঙ্গ, যা ‘খাদান’-এর সঙ্গে একই সময়ে মুক্তি পাওয়ায় বক্স অফিসে তুমুল প্রতিদ্বন্দ্বিতা চলছিল। সেই সময়ে দেব ‘সন্তান’ ছবিটিকে নিজের ছবি বলে উল্লেখ করেন এবং পরিচালক রাজ চক্রবর্তীর প্রশংসা করেন। দেবের এই মন্তব্যে শুভশ্রী হাসতে হাসতে বলেন, “ভাগ্যিস বলে দেয়নি আমারই সন্তান!”

এবার দেবের এই মন্তব্যের মতোই কথা বলতে শোনা গেল রাজ চক্রবর্তীকে। নিউজ এইট্টিন বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে ধুমকেতু সিনেমা প্রসঙ্গে প্রশ্ন করা হলে রাজ বলেন, “আমি অবশ্যই চাই ধুমকেতু সাফল্য অর্জন করুক। কেনই বা চাইব না? ধুমকেতু তো আমারই ছবি। আর শুধু ধুমকেতু কেন, যে কোনো বাংলা ছবিই আমার ছবি। তাই একজন বাঙালি পরিচালক হিসেবে আমি চাই ধুমকেতু সাফল্য অর্জন করুক।”

এরপর উঠে আসে শুভশ্রী প্রসঙ্গ। দেব এবং শুভশ্রীকে এক মঞ্চে দেখে সোশ্যাল মিডিয়ায় রাজ চক্রবর্তী এবং রুক্মিণীকে নিয়ে বিভিন্ন মিম তৈরি হয়েছিল। দেবের সঙ্গে মঞ্চ ভাগ করে নেওয়ায় রাজের কোনো আপত্তি ছিল কি না, জানতে চাইলে তিনি বলেন, “কেন আপত্তি থাকবে? আপত্তি থাকার তো কথা নয়। ও আমার স্ত্রী। আমি ওকে পুরোপুরি সমর্থন করি। ও আমাকে পুরোপুরি সমর্থন করে। আমি ওকে অন্ধের মতো বিশ্বাস করি। তাই ওকে সমর্থন না করার মতো কোনো কারণ নেই। আমি অবশ্যই শুভশ্রীকে সমর্থন করব।”

সবশেষে বাংলা ছবির পাশে দাঁড়ানোর আবেদন জানিয়ে রাজ চক্রবর্তী বলেন, “আগামী ১৪ আগস্ট ধুমকেতু মুক্তি পাচ্ছে। অবশ্যই দেখে আসুন। আমি চাই এই ছবিটি সাফল্য পাক, কারণ এই ছবিতে আমার স্ত্রী শুভশ্রী রয়েছে। আপনাদের সকলের কাছে অনুরোধ, বাংলা ছবির পাশে দাঁড়ান। বাংলা ছবিকে এগিয়ে নিয়ে চলুন।”