বিহারে ভোটার তালিকায় ট্রাম্পের নামে আবেদন, তীব্র আক্রমণে তৃণমূল

বিহারে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়া নিয়ে বিতর্ক নতুন মাত্রা পেয়েছে। এবার সমস্তিপুর জেলায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নামে রেসিডেন্সিয়াল সার্টিফিকেটের জন্য অনলাইনে আবেদন জমা পড়েছে। এই ঘটনা প্রকাশ্যে আসার পর তৃণমূল কংগ্রেস নির্বাচন কমিশন এবং কেন্দ্রীয় সরকারের তীব্র সমালোচনা করেছে।
জানা গেছে, গত ২৯শে জুলাই একজন অজ্ঞাতপরিচয় ব্যক্তি সমস্তিপুরের মহিউদ্দিনগর ব্লকে একটি অনলাইন আবেদন জমা করেন। আবেদনে ডোনাল্ড ট্রাম্পের ছবি ব্যবহার করা হয়েছে এবং তার বাবার নাম ফ্রেডরিক ক্রাইস্ট ট্রাম্প ও মায়ের নাম মেরি অ্যান ম্যাকলিওড উল্লেখ করা হয়েছে। আবেদনে দাবি করা হয়েছে যে ট্রাম্প হাসানপুর গ্রামের বাসিন্দা।
সূত্রের খবর অনুযায়ী, আবেদনটিতে ছবি, আধার কার্ড, বারকোড এবং ঠিকানা সবই বিকৃত করা হয়েছে। যাচাই করার পর নির্বাচন কমিশন আবেদনটি বাতিল করে দিয়েছে। তদন্তে জানা গেছে, স্থানীয় একটি সাইবার ক্যাফে থেকে এই কাজটি করা হয়েছে।
মহিউদ্দিননগর ব্লক অফিসের কর্মকর্তারা এই ঘটনায় হতবাক। তবে এটিই একমাত্র ঘটনা নয়। ‘মাতা সীতা’ এবং ‘শ্রী রাম’-এর নামেও জাল তথ্য ও ছবি দিয়ে আবেদন জমা পড়েছে। এসব ক্ষেত্রে আধার কার্ড হ্যাক করে নাম, ঠিকানা ও ছবি সংযোজন করা হয়েছে বলে সন্দেহ করা হচ্ছে।
এই ঘটনায় তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র এবং সাগরিকা ঘোষ কেন্দ্র ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে আক্রমণাত্মক মন্তব্য করেছেন। মহুয়া মৈত্র এক্স হ্যান্ডেলে বলেন, “৬৫ লক্ষ ভোটারের নাম বাদ পড়েছে। সরকার তা নিয়ে আলোচনা করতে চাইছে না। সমস্তিপুর থেকে ডোনাল্ড ট্রাম্পের নামে আবেদন জমা পড়েছে।” তিনি আরও বলেন যে, “কাকের নামেও ডোমিসাইল সার্টিফিকেটের আবেদন জমা পড়ছে।” মহুয়া এই পুরো প্রক্রিয়াটিকে ‘সার্কাস’ বলে আখ্যা দেন।
সাগরিকা ঘোষ বলেন, “বিহারে নির্বাচন কমিশনের এই প্রক্রিয়া নিম্নমানের এবং তাড়াহুড়ো করে করা হয়েছে। কুকুরের নামেও আবেদন দাখিল করা হয়েছে।” তিনি নির্বাচন কমিশনকে এই সম্পূর্ণ প্রক্রিয়াটি পুনর্বিবেচনা করার আহ্বান জানান।
এই ঘটনা বিহারে ভুয়ো রেসিডেন্সিয়াল সার্টিফিকেট কেলেঙ্কারির পুরনো সমস্যাকে আবার সামনে এনে দিয়েছে। এর আগেও বিভিন্ন জেলায় ‘ডগ বাবু’ এবং ‘সোনালিকা ট্রাক্টর’-এর নামে আবেদন জমা পড়েছিল। কর্তৃপক্ষ জানিয়েছে যে, ভবিষ্যতে এই ধরনের জালিয়াতি রোধ করতে তারা আরও কঠোর প্রযুক্তিগত যাচাই এবং নিরাপত্তা ব্যবস্থা নেবে।