ঋষি কৌশিকের নতুন ধারাবাহিক ‘SST বেঙ্গল’, প্রকাশ্যে এলো প্রমো

জি বাংলা সোনার চ্যানেলের নতুন ধারাবাহিক ‘SST বেঙ্গল’-এর প্রমো প্রকাশ্যে আসতেই দর্শকদের মধ্যে উত্তেজনা বেড়েছে। জানা গেছে, এই সিরিয়ালে প্রধান চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেতা ঋষি কৌশিক। তিনি ডিসিপি ইন্দ্রজিৎ বসাকের ভূমিকায় দেখা দেবেন, যিনি অপরাধীদের দমন করতে একটি বিশেষ দল নিয়ে মাঠে নামবেন।

প্রমোতে দেখা যায়, ঋষি কৌশিকের বিপরীতে রয়েছেন বাসবদত্তা। বাসবদত্তাকে তার ছেলের জন্মদিনে অতিথিদের সামলাতে ব্যস্ত দেখা যায়। ছেলে বারবার তার বাবার খোঁজ করায় বাসবদত্তা তাকে বলেন, “এই পৃথিবীতে দুই ধরনের মানুষ থাকে—খারাপ মানুষ আর ভালো মানুষ। যখন খারাপ মানুষের সংখ্যা বেড়ে যায়, তখন তোমার বাবার মতো মানুষের প্রয়োজন হয়।”

ঠিক সেই সময়েই প্রমোতে দেখানো হয় যে, একদল গুন্ডাকে শায়েস্তা করতে মাঠে নেমেছেন ঋষি কৌশিক। এই সিরিজে তার চরিত্রের নাম ইন্দ্রজিৎ বসাক। এই বিশেষ টিমে আরও রয়েছেন রুকমা রায়, যিনি রোমি ডিসুজার চরিত্রে অভিনয় করছেন।

জি বাংলা সিনেমার পক্ষ থেকে প্রমোটি প্রকাশ করে ক্যাপশনে লেখা হয়, “পৃথিবী যখন ঢেকে যায় অন্ধকারে, ঠিক তখনই জন্ম নেয় কিছু মানুষ। অপরাধীদের রাতের ঘুম কেড়ে নেওয়ার জন্য আসছে ডিসিপি ইন্দ্রজিৎ বসাক, সঙ্গে তাঁর দুর্ধর্ষ টিম SST বেঙ্গল। এখন নিশ্চিন্তে বাংলা, কারণ? ডিউটিতে SST বেঙ্গল।”

এই নতুন ধারাবাহিকটি দর্শকদের মধ্যে বেশ আগ্রহ তৈরি করেছে। ঋষি কৌশিক এবং বাসবদত্তার এই নতুন জুটি এবং থ্রিলারধর্মী গল্প দর্শকদের টানতে পারবে বলে আশা করা হচ্ছে। এই ধারাবাহিকটি নতুন চ্যানেল জি বাংলা সিনেমার অন্যতম বড় প্রজেক্ট হতে চলেছে।