ভারতের উপর ৫০% শুল্ক, রাশিয়ান তেল কেনায় আরও ২৫% আরোপ করলেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও ভারতের ওপর বাণিজ্যিক চাপ বাড়ালেন। রাশিয়া থেকে তেল কেনা বন্ধ না করায় তিনি ভারতের ওপর অতিরিক্ত ২৫% শুল্ক আরোপের আদেশে স্বাক্ষর করেছেন। এর ফলে ভারতের ওপর মোট শুল্কের পরিমাণ বেড়ে দাঁড়াল ৫০ শতাংশ। ট্রাম্পের এই সিদ্ধান্তের ফলে দুই দেশের বাণিজ্যিক সম্পর্কে নতুন করে টানাপোড়েন শুরু হয়েছে।
ট্রাম্পের স্বাক্ষরিত আদেশ অনুযায়ী, নতুন এই ২৫% শুল্ক ২১ দিনের মধ্যে কার্যকর হবে, অর্থাৎ আগামী ২৭শে আগস্ট থেকে। এর ফলে ভারত থেকে আমেরিকায় পাঠানো পণ্যের ওপর মোট ৫০% শুল্ক দিতে হবে। তবে, যে পণ্যগুলো এই তারিখের আগে যাত্রা শুরু করেছে এবং ১৭ সেপ্টেম্বরের মধ্যে আমেরিকায় পৌঁছাবে, সেগুলোর ওপর এই নতুন শুল্ক কার্যকর হবে না।
ট্রাম্প প্রশাসন জানিয়েছে, ২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার সামরিক আগ্রাসনের পর যুক্তরাষ্ট্র রাশিয়ার তেল আমদানি নিষিদ্ধ করে। কিন্তু ভারত সেই নিষেধাজ্ঞা উপেক্ষা করে রাশিয়া থেকে তেল কেনা অব্যাহত রেখেছে। ট্রাম্পের অভিযোগ, এর মাধ্যমে রাশিয়া অর্থনৈতিকভাবে লাভবান হচ্ছে। তারই প্রেক্ষিতে ভারতের ওপর এই কঠোর শুল্ক আরোপের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মার্কিন প্রশাসন আরও ইঙ্গিত দিয়েছে যে, যদি অন্য কোনো দেশও রাশিয়া থেকে তেল আমদানি করে, তবে তাদের বিরুদ্ধেও একই ধরনের ব্যবস্থা নেওয়া হতে পারে। তবে, রাশিয়া বা অন্য কোনো ক্ষতিগ্রস্ত দেশ যদি মার্কিন নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ পদক্ষেপ নেয়, তাহলে এই আদেশে পরিবর্তন আনা হতে পারে। এই নতুন শুল্কের ফলে ভারতের রপ্তানি বাণিজ্য বড়সড় ধাক্কা খেতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।