ভারতের ওপর ট্রাম্পের নতুন শুল্ক, মোট ৫০ শতাংশে দাঁড়াল আমদানি কর

রাশিয়ার কাছ থেকে তেল কেনা বন্ধ না করায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের ওপর আরও ২৫ শতাংশ আমদানি শুল্ক আরোপ করেছেন। এর ফলে ভারতীয় পণ্যের ওপর মোট শুল্কের পরিমাণ ২৫ থেকে বেড়ে ৫০ শতাংশে দাঁড়িয়েছে। আগামী ২৭শে আগস্ট থেকে এই নতুন শুল্ক কার্যকর হবে বলে ট্রাম্প প্রশাসন জানিয়েছে।

গত বুধবার ট্রাম্প ভারতের পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা করেছিলেন। এরপর তিনি রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করতে ভারতকে ২৪ ঘন্টার সময়সীমা বেঁধে দেন। সেই সময়সীমা শেষ হওয়ার পরেই তিনি এই কঠোর পদক্ষেপ নিলেন।

বুধবার এক বিবৃতিতে ট্রাম্প বলেন, “ভারত সরকার প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে রাশিয়ার কাছ থেকে তেল কিনছে। তাই ভারতের ওপর আরও ২৫ শতাংশ শুল্ক চাপানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।” তিনি আরও জানান, এই নির্দেশিকা আগামী ২১ দিনের মধ্যে অর্থাৎ ২৭শে আগস্ট থেকে কার্যকর হবে। এই শুল্কের ফলে মার্কিন বাজারে ভারতীয় পণ্যের দাম বেড়ে যাবে।

ট্রাম্প তার বিবৃতিতে ইউক্রেন যুদ্ধে রাশিয়ার ওপর চাপ বাড়াতে অন্যান্য দেশগুলোকেও একই ধরনের ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেন, “রাশিয়ান ফেডারেশন অয়েল বলতে রাশিয়ায় উৎপন্ন সব ধরনের অশোধিত তেল, পেট্রোপণ্য এবং সেখান থেকে রপ্তানি হওয়া পণ্যকে বোঝানো হয়। তার সঙ্গে যে দেশ বা সংস্থার নাম জুড়বে, তার বিরুদ্ধেই পদক্ষেপ করা হবে।”

এর আগে গত বুধবার ট্রাম্প বলেছিলেন, “বাণিজ্যের জন্য ভারত ভালো সঙ্গী নয়। তারা রাশিয়া থেকে সামরিক সরঞ্জাম এবং তেল কিনছে, এমন সময়ে যখন সবাই চায় রাশিয়া ইউক্রেনে হত্যাকাণ্ড বন্ধ করুক। তাই ভারতকে এখন ২৫ শতাংশ শুল্ক দিতে হবে এবং জরিমানাও দিতে হবে।”

ভারত সরকারের পক্ষ থেকে আগেই ট্রাম্পের এই ধরনের হুমকিকে ‘অযৌক্তিক’ বলে বর্ণনা করা হয়েছিল। বিদেশ মন্ত্রক জানিয়েছিল, জাতীয় স্বার্থ এবং অর্থনৈতিক নিরাপত্তা রক্ষার জন্য ভারত প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করবে। তারা আরও উল্লেখ করে যে, রাশিয়া থেকে তেল কেনার জন্য ভারতকে নিশানা করা হলেও, ইউরোপীয় ইউনিয়নসহ অনেক দেশই রাশিয়ার সঙ্গে বাণিজ্য চালিয়ে যাচ্ছে।