দায়িত্ব হারানোর পর মুখ খুললেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, নতুন নেতৃত্বের প্রতি চ্যালেঞ্জ

তৃণমূলের লোকসভার চিফ হুইপ পদ থেকে ইস্তফা দেওয়ার পর দলের নতুন নেতৃত্বকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সংসদের বাইরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন যে, নতুন দায়িত্বপ্রাপ্তরা যেন তাকে ‘অযোগ্য’ প্রমাণ করে দেখান।
গত সোমবার দলের একটি ভার্চুয়াল বৈঠকে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লোকসভার কাজকর্মে অসন্তোষ প্রকাশ করেন। এরপরই সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় অসুস্থ থাকাকালীন কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের উপর থাকা লোকসভার দলীয় কার্যকলাপের দায়িত্ব অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেওয়া হয়। এর পরপরই কল্যাণ বন্দ্যোপাধ্যায় চিফ হুইপের পদ থেকে ইস্তফা দেন। বর্তমানে কাকলি ঘোষ দস্তিদার ওই পদে রয়েছেন।
এই বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, “নতুন যাঁরা দায়িত্বে এসেছেন, তাঁরা যেন আমার থেকে ভালো পারফর্ম করেন। আমি আশা করব, তাঁরা আমাকে ইনকম্পিটেন্ট (অযোগ্য) প্রমাণ করবেন।”
তিনি আরও বলেন, “জীবনে যা কিছু হয়, তা ভালোর জন্যই হয়।” এরপর তিনি কোনো বিস্তারিত মন্তব্য না করেই ঘটনাস্থল থেকে চলে যান।
কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্য তৃণমূলের ভেতরে তার অসন্তোষকেই প্রকাশ করে বলে মনে করা হচ্ছে। এই ঘটনা আগামী দিনে দলের অভ্যন্তরীণ রাজনীতিতে কী প্রভাব ফেলে, সেটাই এখন দেখার বিষয়।