‘মায়ের ভাষা বলছি বলে আজকে বাংলাদেশী?’ – বাংলা ভাষার সম্মান রক্ষায় সরব ইস্টবেঙ্গল সমর্থকরা

ফুটবল মাঠ এবার রাজনৈতিক বিতর্কের কেন্দ্রবিন্দুতে পরিণত হলো। সম্প্রতি বিজেপি নেতা অমিত মালব্যর ‘বাংলা বলে কোনো ভাষা নেই’ এবং দিল্লি পুলিশের বাংলা ভাষাকে ‘বাংলাদেশী ভাষা’ বলে মন্তব্য করার প্রতিবাদে সরব হলেন ইস্টবেঙ্গল সমর্থকরা। বুধবার সন্ধ্যায় ডুরান্ড কাপের ম্যাচে নামধারী স্পোর্টস অ্যাকাডেমির বিরুদ্ধে, গ্যালারিতে প্রতিবাদী ব্যানার নিয়ে নিজেদের ক্ষোভ প্রকাশ করেন তাঁরা।

ব্যানারে লেখা ছিল, “ভারত স্বাধীন করতে সেদিন পরেছিলাম ফাঁসি! মায়ের ভাষা বলছি বলে, আজকে বাংলাদেশী?” ইস্টবেঙ্গলের এই প্রতিবাদে ভারতের স্বাধীনতা আন্দোলনে বাঙালিদের অবদানের কথা বিশেষভাবে উল্লেখ করা হয়েছে।

ইস্টবেঙ্গল ক্লাব ১৯২০ সালে প্রতিবাদের মধ্য দিয়েই জন্ম নিয়েছিল এবং তাদের সমর্থকরা বরাবরই প্রতিবাদী হিসেবে পরিচিত। যেকোনো অন্যায়ের বিরুদ্ধে তাঁরা বরাবরই সোচ্চার হয়েছেন। গত বছর আর. জি. কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের এক চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদে তাঁরা যেমন পথে নেমেছিলেন, তেমনই ফুটবল লিগের ম্যাচগুলিতে গ্যালারিতে ব্যানার দেখিয়ে প্রতিবাদ জানিয়েছিলেন। এবার বাংলা ভাষার জন্য তাঁদের এই প্রতিবাদ নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

গত কয়েকদিন ধরে বাংলা ভাষা নিয়ে রাজ্যজুড়ে ব্যাপক বিতর্ক চলছে। বিভিন্ন রাজ্যে বাংলাভাষী পরিযায়ী শ্রমিকদের হেনস্তা করার অভিযোগ উঠেছে। এই পরিস্থিতিতে কেন্দ্রীয় শাসক দলের আইটি সেলের প্রধান অমিত মালব্যর মন্তব্য অনেকেই ভালোভাবে নেননি। ভারতে দ্বিতীয় বৃহত্তম ভাষা বাংলা, তাই এই ভাষাকে অস্বীকার করা বা বাংলাদেশী বলে উল্লেখ করা অনেকের কাছেই আপত্তিকর।

এই বিতর্কের ঢেউ এবার ফুটবল মাঠেও আছড়ে পড়ল। ইস্টবেঙ্গলের এই প্রতিবাদ শুধু একটি ফুটবল ম্যাচের গ্যালারিতে সীমাবদ্ধ নেই, এটি বাংলা ভাষা এবং বাঙালির আত্মসম্মানের প্রশ্নকে নতুন করে সামনে এনেছে।