উত্তরকাশীর বিপর্যয়ে মন খারাপ পন্তের, সোশ্যাল মিডিয়ায় প্রার্থনা

উত্তরাখণ্ডের উত্তরকাশীতে ভয়াবহ মেঘভাঙা বৃষ্টি এবং হড়পা বানে সৃষ্ট বিপর্যয়ে শোক প্রকাশ করেছেন ভারতীয় ক্রিকেটার ঋষভ পন্ত। নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে তিনি এই মর্মান্তিক ঘটনায় আহত এবং নিখোঁজদের জন্য প্রার্থনা করেছেন। ‘দেবভূমি’ উত্তরাখণ্ডের ভূমিপুত্র হিসেবে পন্তের এই সমব্যথী মনোভাব মন ছুঁয়েছে তার ভক্তদের।
গত মঙ্গলবার উত্তরকাশীর একটি গ্রামে মেঘভাঙা বৃষ্টিতে চারজনের মৃত্যু হয়, ৫০ জনের বেশি আহত হন এবং ১০০ জনেরও বেশি এখনও নিখোঁজ রয়েছেন। এই ভয়াবহ পরিস্থিতিতে প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীসহ অনেকেই উদ্বেগ প্রকাশ করেছেন। ঠিক সেই সময়েই ঋষভ পন্ত সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, তিনি চান সবাই সুস্থভাবে ফিরে আসুক এবং আহতরা দ্রুত সুস্থ হয়ে উঠুক।
শুধু খেলার মাঠেই নয়, মাঠের বাইরেও ঋষভ পন্ত তার মানবিক আচরণের জন্য বারবার প্রশংসিত হয়েছেন। সম্প্রতি কর্ণাটকের এক দরিদ্র মেধাবী কিশোরীর উচ্চশিক্ষার দায়িত্ব নিয়ে তিনি আরও একবার অনুরাগীদের মন জয় করে নিয়েছেন।
কর্ণাটকের বিলাগি তালুকের রাবাকাভি গ্রামের বাসিন্দা জ্যোতি কানাবুর দ্বাদশ শ্রেণির পরীক্ষায় ৮৩ শতাংশ নম্বর পেয়েও অর্থাভাবে কলেজে ভর্তি হতে পারছিলেন না। তার বাবা একটি ছোট্ট চায়ের দোকান চালান। এই কঠিন সময়ে জ্যোতি এবং তার পরিবার স্থানীয় ঠিকাদার অনিল হুনাশিকাট্টির কাছে সাহায্যের আবেদন জানান। অনিল তার বন্ধুদের মাধ্যমে ঋষভ পন্তের কাছে জ্যোতির খবর পৌঁছে দেন। খবরটি জানার পরই পন্ত দ্রুত জ্যোতির কলেজে ভর্তির জন্য আর্থিক সাহায্যের ব্যবস্থা করে দেন।
টেস্ট ক্রিকেটেও ঋষভ পন্ত তার দুর্দান্ত পারফরম্যান্স দিয়ে সবার মন জয় করেছেন। ইংল্যান্ড সিরিজে চোট পেয়ে শেষ টেস্টে খেলতে না পারলেও, তিনি এই সিরিজে ৬৮.৪২ গড়ে ৪৭৯ রান করে ভারতের তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন। এই সিরিজে তার একটি পাঁজরে ফ্র্যাকচার হয়েছিল।