ভিন্ন রাজ্যে বাংলাভাষীদের হেনস্থা, ঝাড়গ্রামে সরব মুখ্যমন্ত্রী

ভিন রাজ্যে বাংলাভাষীদের ওপর হেনস্থার প্রতিবাদে বেশ কিছুদিন ধরেই সরব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার ঝাড়গ্রামে ‘ভাষা আন্দোলন’-এর পদযাত্রা শেষে বিজেপিকে তীব্র আক্রমণ করেন তিনি। তিনি বলেন, “আজ বাংলা ভাষায় কথা বললে জেলে নিয়ে যাওয়া হচ্ছে, বাংলাদেশি বলা হচ্ছে।” সাধারণ মানুষকে তিনি আহ্বান জানান, ফোনে কারও সঙ্গে কথা বললে যেন ‘জয় বাংলা’ বলেন।
পুরাতন ঝাড়গ্রাম থেকে পাঁচমাথা মোড় পর্যন্ত এক বিশাল মিছিলের নেতৃত্ব দেন মুখ্যমন্ত্রী। মিছিলে তাঁর সঙ্গে ছিলেন মন্ত্রী ফিরহাদ হাকিম এবং অরূপ বিশ্বাস-সহ আরও অনেক তৃণমূল নেতা। পথসভায় মমতা প্রথমে পূর্বতন বামফ্রন্ট সরকারের সমালোচনা করেন। তিনি বলেন, বাম আমলে মানুষ ঝাড়গ্রামে আসতে ভয় পেত, কিন্তু তাঁর সরকার ক্ষমতায় আসার পর শান্তি ফিরে এসেছে। তিনি তৃণমূল সরকারের আমলে ঝাড়গ্রামের উন্নয়নের নানা দিক তুলে ধরেন।
এরপরই বিজেপিকে নিশানা করে মুখ্যমন্ত্রী বলেন, “আজ বাংলা ভাষায় কথা বললে জেলে নিয়ে যাওয়া হচ্ছে, বাংলাদেশি এবং রোহিঙ্গা বলা হচ্ছে। রবীন্দ্রনাথ ঠাকুর, বিবেকানন্দরা কোন ভাষায় কথা বলতেন?” তিনি আরও বলেন, “আজ যদি স্বামী বিবেকানন্দ বেঁচে থাকতেন, বলতেন, এই দেশ আমি চাইনি।” মমতা হুঁশিয়ারি দিয়ে বলেন, “গায়ের জোরে ভয় দেখিয়ে যদি অত্যাচার করেন, তাহলে আমাদের দেহ পেরিয়ে যেতে হবে। আমরা পাহারাদার হিসেবে দাঁড়িয়ে থাকব।”
মুখ্যমন্ত্রী জনগণকে সতর্ক করে বলেন, “আজকে জাগার পালা। প্রতিবাদ, প্রতিরোধ করার পালা। আমরা প্রতিবাদ না করলে অসমের মতো ডিটেনশন ক্যাম্প তৈরি করবে।” তিনি বলেন, নতুন করে ভোটার তালিকায় নাম তোলার কথা বলা হচ্ছে, কিন্তু মনে রাখতে হবে অসমে লক্ষ লক্ষ মানুষের নাম বাদ দেওয়া হয়েছিল। তিনি আহ্বান জানান, “আমাদের শপথ, এনআরসি করতে দিচ্ছি না, দেব না।” তিনি অসম থেকে বাংলায় আসা নোটিস প্রসঙ্গেও সতর্ক করে বলেন, নোটিস পাঠালে কেউ যেন না যান, কারণ গেলেই জেলে পুরে দেবে। তৃণমূল আইনি লড়াই লড়বে বলে তিনি জানান।
বক্তব্যের শেষে মুখ্যমন্ত্রী বিজেপিকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন, “আমি যেদিন নিজে মনে করব, সেদিন হঠাতে পারবেন। আমি যেদিন নিজে মনে করব না, সেদিন আপনার লোকেরাও আমাকে ভোট দেবেন।”