‘অন্যের বউকে ‘হট’ বলতে হবে না…’, নেটিজেনের মন্তব্যে কড়া জবাব শ্রীময়ীর

অভিনেতা এবং বিধায়ক কাঞ্চন মল্লিকের তৃতীয় বিয়ে এবং তাঁদের বয়সের পার্থক্য নিয়ে প্রায়শই নানা কটাক্ষের শিকার হন তাঁর স্ত্রী শ্রীময়ী চট্টোরাজ। তবে এবার এমন এক মন্তব্যের জেরে সরাসরি ক্ষোভ প্রকাশ করলেন শ্রীময়ী। সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি ছবি পোস্ট করার পর এক নেটিজেনের মন্তব্যের পাল্টা কড়া জবাব দিয়েছেন তিনি।

সোমবার শ্রীময়ী তাঁর ফেসবুক প্রোফাইলে একটি ছবি পোস্ট করেন, যেখানে তাঁকে এবং কাঞ্চন মল্লিককে সমুদ্র সৈকতে দেখা যায়। তাঁরা দুজনেই সৈকত ভ্রমণের উপযোগী পোশাক পরেছিলেন। ছবিটি প্রকাশ্যে আসার পর এক নেটিজেন মন্তব্য করেন, “বিধায়ক মহাশয়ের থেকে আমরা কী শিক্ষা পেলাম?”

এই মন্তব্যে শ্রীময়ী অত্যন্ত বিরক্ত হন এবং সেই নেটিজেনকে কড়া ভাষায় জবাব দেন। তিনি লেখেন, “আপনি যে পর্যায়ে আছেন তাতে কোনও শিক্ষাই আপনাকে শিক্ষিত করতে পারবে না। কারণ, এই বয়সে এসে আপনার মা-ই আপনাকে কোনও শিক্ষা দিতে পারলেন না। নিজের বউকে বলুন যদি আপনাকে কোনও শিক্ষা দিতে পারেন। তা হলে অন্যের বউয়ের ফেসবুকে গিয়ে তাঁকে ‘হট’ বলতে হবে না।” শ্রীময়ীর এই মন্তব্যের পর যদিও পাল্টা মন্তব্যের ঝড় থামেনি, তবে শ্রীময়ী আর তাতে পাত্তা দেননি।

কাজের প্রসঙ্গে শ্রীময়ীকে শেষবার ‘বুলেট সরোজিনী’ ধারাবাহিকে দেখা গিয়েছিল, তবে ব্যক্তিগত কারণে তিনি সেই ধারাবাহিকটি ছেড়ে দেন। শোনা যাচ্ছে, পুজোর সময় উইন্ডোজ প্রোডাকশন হাউসের ছবি ‘রক্তবীজ ২’-তে তাঁকে দেখা যেতে পারে, যেখানে কাঞ্চন মল্লিকও অভিনয় করছেন। এছাড়াও, অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত জানিয়েছেন যে শ্রীময়ীকে তাঁর ছবিতে একটি নতুন ভূমিকায় দেখা যাবে।