‘আমি ওঁর বিয়ে ভেঙে দিয়েছিলাম…’, প্রেমিক প্রসঙ্গে গোপন নিজেই জানালেন উরফি

বরাবরই নিজের পোশাক এবং ব্যক্তিগত জীবন নিয়ে খোলামেলা থাকেন উরফি জাভেদ। সম্প্রতি ম্যাশেবল ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি তাঁর প্রেম জীবন নিয়ে এমন একটি তথ্য ফাঁস করেছেন যা সবাইকে অবাক করে দিয়েছে। উরফি জানিয়েছেন যে তিনি নাকি তাঁর বর্তমান প্রেমিকের বিয়ে ভেঙে দিয়েছিলেন।

প্রেমিকের পরিচয়
উরফি জাভেদ তাঁর প্রেমিক সম্পর্কে বিস্তারিত তথ্য জানিয়েছেন। তিনি বলেন, “ও দিল্লির ছেলে। আমার প্রেমিকের উচ্চতা ৬’৪। আমি প্রতি সপ্তাহান্তে ওর সঙ্গে দেখা করতে যাই। তবে ও খুব লাজুক এবং প্রচারের আলো থেকে দূরে থাকে। ওর কোনো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট নেই, যা আমার সম্পূর্ণ বিপরীত।”

কীভাবে হলো প্রেম?
উরফি জানান, তাঁদের দেখা হয়েছিল একটি অপ্রত্যাশিত ঘটনার মাধ্যমে। তাঁর প্রেমিকের জন্য তখন অ্যারেঞ্জড ম্যারেজের কথা চলছিল। তিনি বলেন, “হঠাৎ করেই ওঁর সঙ্গে আমার ভাগ্যযোগে দেখা হয়। আমরা সেই সময় একই জায়গায় ছিলাম। ওঁর বিয়ে কথা অন্য কোথাও হচ্ছিল, অ্যারেঞ্জড ম্যারেজ। কিন্তু আমি ওঁর বিয়ে ভেঙে দি। তবে তখনও কিছুই চূড়ান্ত হয়নি, মনে হয় কেবল একবার দেখা করেছিল ওঁরা।”

উরফির নতুন সমস্যা
অন্যদিকে, ব্যক্তিগত জীবনের এই খবরের পাশাপাশি উরফি তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে একটি ছবি শেয়ার করেছেন যেখানে তাঁর মুখ ফোলা দেখা যাচ্ছে। ছবিটি শেয়ার করে তিনি লেখেন, “সবাই আমার উপর এমন খারাপ নজর দিয়েছে যে, একটা মাকড়সা আমার মুখে কামড়ে দিয়েছে।”

উল্লেখ্য, উরফি জাভেদ ‘বিগ বস ওটিটি সিজন ১’ এবং ‘দ্য ট্রেইটার্স’-এর মতো রিয়ালিটি শো-তে অংশগ্রহণ করে দর্শকদের নজর কেড়েছিলেন।