নবান্ন অভিযান আটকাতে এবার ডিভিশন বেঞ্চে মামলা, শুনানি বৃহস্পতিবার

আগামী ৯ আগস্ট পরিকল্পিত নবান্ন অভিযানের ফলে জনজীবন ব্যাহত হওয়ার আশঙ্কা প্রকাশ করে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে একটি জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে। হাওড়ার এক বাসিন্দা এই মামলাটি দায়ের করেছেন এবং বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চ মামলাটি গ্রহণ করেছে। বৃহস্পতিবার এই মামলার শুনানি হওয়ার কথা রয়েছে।

নবান্ন অভিযানের বিরুদ্ধে এর আগেও ব্যবসায়ীরা হাইকোর্টে মামলা দায়ের করেছিলেন। সেই মামলার শুনানি বুধবার সিঙ্গল বেঞ্চে হবে। এবার দ্বিতীয় জনস্বার্থ মামলাটি দায়ের করা হয়েছে ডিভিশন বেঞ্চে, যা বৃহস্পতিবার শুনানির জন্য নির্ধারিত। মামলাকারীদের বক্তব্য, নবান্ন অভিযান হলে সাধারণ মানুষ, বিশেষ করে স্কুলগামী ছাত্র-ছাত্রী এবং অফিসযাত্রীরা মারাত্মক অসুবিধায় পড়েন। এই সমস্যা সমাধানের জন্যই তাঁরা আদালতের দ্বারস্থ হয়েছেন।

গত বছরের আর জি কর কাণ্ডের পর এই বছরের ৯ আগস্ট নবান্ন অভিযানের ডাক দিয়েছেন নিহত চিকিৎসকের মা-বাবা। ধর্ষণ ও খুনের প্রতিবাদে তাঁরা এই আন্দোলনের ডাক দিয়েছেন। বিজেপি রাজ্য সভাপতি শুভেন্দু অধিকারী এই অভিযানে দলীয় পতাকা ছাড়াই বিজেপি নেতা-কর্মীদের যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন। তবে, ‘ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর্স ফ্রন্ট’ জানিয়েছে যে যেহেতু রাজনৈতিক নেতারা এই মিছিলে অংশ নেবেন, তাই তারা এই অভিযানে হাঁটবেন না। এই পরিস্থিতিতে আদালতের রায় খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।