দীপিকার পাশে রুবিনা দিলাইক, ‘৮ ঘণ্টার বেশি কাজ করা উচিত নয়’

পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙার ছবি ‘স্পিরিট’ থেকে অভিনেত্রী দীপিকা পাড়ুকোন সরে আসার পর থেকেই গোটা ফিল্ম ইন্ডাস্ট্রিতে বিতর্কের ঝড় উঠেছে। জানা গেছে, দীপিকা ৮ ঘণ্টার বেশি শিফটে কাজ করতে রাজি ছিলেন না, কিন্তু পরিচালক এতে আপত্তি জানান। এই ঘটনার পর এবার দীপিকার পক্ষ নিয়ে কথা বললেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী রুবিনা দিলাইক।
‘ছোটি বহু’ এবং ‘সাস বিনা শাশুরাল’-এর মতো জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করা রুবিনা, যিনি ‘বিগ বস ১৪’ বিজয়ীও, পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, “আমি যখন ইন্ডাস্ট্রিতে নতুন ছিলাম, তখন আমাকে প্রচুর পরিশ্রম করতে হতো। এমনও হয়েছে যে আমি একটানা ১৭ ঘণ্টার বেশি কাজ করেছি। কিন্তু আমি চাই না আর এমনটা হোক।”
রুবিনা বলেন যে তিনি যদি একজন প্রযোজক হতেন, তাহলে তিনি নিশ্চিত করতেন যে তার টিমের কেউই যেন ৮ ঘণ্টার বেশি কাজ না করে। তিনি বলেন, “আমি এমন একটি সিস্টেম তৈরি করব যাতে ৮ ঘণ্টার মধ্যেই কাজ শেষ হয়ে যায়।”
অভিনেত্রীর মতে, একটি নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ করলে তার গুণগত মান অনেক ভালো হয়। তিনি বলেন, “একজন ব্যক্তি যদি একটি নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ করেন, তাহলে সেই কাজ অনেক বেশি ভালো হয়।” তবে তিনি এও বলেন যে কিছু পেশায়, যেমন পুলিশ অফিসার, ট্রাফিক পুলিশ বা ডাক্তারদের ১৬ থেকে ১৮ ঘণ্টা কাজ করতে হয়, কিন্তু শিল্পীদের ক্ষেত্রে এটা অন্যরকম।
রুবিনা বলেন, “আপনার যদি অতিরিক্ত সময় কাজ করতে কোনো সমস্যা না হয়, তাহলে তা নিয়ে কোনো আলোচনা হওয়া উচিত নয়। তবে যদি আপনি অতিরিক্ত সময় কাজ করেন আর তার জন্য যদি আপনাকে উপযুক্ত অর্থ প্রদান না করা হয়, তাহলে তা অবশ্যই নিন্দনীয়।” তিনি আরও বলেন, অতিরিক্ত কাজ করবেন কি না, সেই সিদ্ধান্ত সম্পূর্ণ ব্যক্তিগত। এই মন্তব্যের মাধ্যমে রুবিনা প্রকারান্তরে দীপিকার সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছেন।