উবেরের নতুন চমক, এবার বিলাসবহুল মোটরহোমে এক শহর থেকে অন্য শহরে

অ্যাপ-ক্যাব সংস্থা উবের এবার তাদের গ্রাহকদের জন্য নিয়ে এলো এক নতুন এবং বিলাসবহুল পরিষেবা। ‘উবের ইন্টারসিটি মোটরহোমস’ নামে এই নতুন পরিষেবাটি চালু হচ্ছে, যার মাধ্যমে গ্রাহকরা এক শহর থেকে অন্য শহরে ভ্রমণ করতে পারবেন এক আস্ত কারাভানে। ৭ আগস্ট থেকে শুরু হতে চলা এই পরিষেবাটি প্রাথমিকভাবে দিল্লি-এনসিআর অঞ্চলে একটি পাইলট প্রজেক্ট হিসেবে চালু করা হবে।

টাইমস অফ ইন্ডিয়ার একটি প্রতিবেদন অনুযায়ী, উবের বর্তমানে ৩,০০০টিরও বেশি ইন্টারসিটি রুটে তাদের পরিষেবা দিয়ে থাকে। এই নতুন মোটরহোম পরিষেবাটি সেই পরিষেবারই একটি সম্প্রসারণ। এই কারাভানে যাত্রীদের জন্য থাকছে বিলাসবহুল সোফা এবং আরাম করার জন্য বিছানার ব্যবস্থা। এক গাড়িতে ১ থেকে ৫ জন যাত্রী ভ্রমণ করতে পারবেন। প্রতিটি মোটরহোমে একজন ড্রাইভার ও একজন সহকারীও থাকবেন।

উবের ইন্ডিয়া ও দক্ষিণ এশিয়ার রাইডার সার্ভিস বিভাগের দায়িত্বপ্রাপ্ত শ্বেতা মন্ত্রী বলেন, “অনেক মানুষই স্বল্প দূরত্বের যাত্রা, পরিবারের সঙ্গে দেখা করা বা ব্যবসায়িক কাজে সড়কপথকে বেছে নিচ্ছেন। আমাদের নতুন মোটরহোম পরিষেবা সেই ভ্রমণকে আরও আরামদায়ক ও সহজ করে তুলবে।” এই মোটরহোমগুলিতে ফ্রিজ, মাইক্রোওয়েভ, টয়লেট এবং টিভি-র মতো আধুনিক সব সুযোগ-সুবিধা থাকবে, যা উইকএন্ডে বা বিশেষ সফরের জন্য আদর্শ। ৪ আগস্ট থেকে উবের অ্যাপে একটি নির্দিষ্ট আইকন সিলেক্ট করে এই পরিষেবার জন্য বুকিং করা যাচ্ছে।