শতাব্দীর পোস্টে তোলপাড় টলিপাড়া, ‘ধূমকেতু’র ট্রেলার লঞ্চের পরই ইঙ্গিতপূর্ণ মন্তব্য

দেব-শুভশ্রী অভিনীত নতুন ছবি ‘ধূমকেতু’র ট্রেলার লঞ্চের পর থেকেই টলিপাড়ায় আলোচনার ঝড় উঠেছে। তবে এই আলোচনার কেন্দ্রে এবার উঠে এসেছেন পরিচালক রাজ চক্রবর্তী এবং তাঁর প্রাক্তন স্ত্রী শতাব্দী মিত্র। শুভশ্রীর ছবির ট্রেলার রাজ চক্রবর্তী নিজে থেকেই উদযাপন করছিলেন, কিন্তু এর পরই শতাব্দী মিত্রের একটি সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরে শুরু হয়েছে নতুন জল্পনা।
শতাব্দী তাঁর পোস্টে সরাসরি কারও নাম উল্লেখ না করেই লিখেছেন, “কীরে, কেমন লাগছে? আমারও ঠিক এরকমই লেগেছিল, ঠিক এইরকমই। বুঝলি তো? হিসট্রি রিপিটস। বুকের বাঁদিকটা চিনচিন করছে তো…আমারও করেছিল, ঠিক তেরো বছর আগে।” তিনি আরও লেখেন, “আজ তুই যে জায়গায় দাঁড়িয়ে, আমি অনেক আগেই হেঁটেছি সেই পথ ধরে।” এই পোস্টে রাজ চক্রবর্তীর প্রতিই তাঁর ইঙ্গিত ছিল বলে মনে করা হচ্ছে।
রাজ চক্রবর্তীর সঙ্গে শতাব্দীর বিচ্ছেদ হয়েছিল প্রায় তেরো বছর আগে, যখন রাজ টলিউডের দুই জনপ্রিয় নায়িকার সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন। পরে শুভশ্রীর সঙ্গে তাঁর বিয়ে হয়। যদিও শতাব্দীর এই মন্তব্য ঘিরে জল্পনা তুঙ্গে, রাজ-শুভশ্রী অবশ্য ছুটি কাটাতে ব্যস্ত। এদিকে, দেব-শুভশ্রীর জুটি দেখার জন্য অনুরাগীরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন।