‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ কর্মসূচিতে বিধায়কদের পরিদর্শনের নির্দেশ অভিষেকের

‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ শীর্ষক রাজ্য সরকারের নতুন কর্মসূচিতে সাধারণ মানুষের কাছে আরও বেশি করে পৌঁছনোর জন্য তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিলেন। মঙ্গলবার এক ভার্চুয়াল বৈঠকে তিনি বিধায়কদের ক্যাম্প পরিদর্শনের নির্দেশ দেন এবং কোন দিন কোন এলাকায় ক্যাম্প হবে, তার তালিকাও প্রকাশ করা হবে বলে জানান। সাংসদ, বিধায়ক, পুরসভার চেয়ারম্যান, কাউন্সিলর, জেলা পরিষদের সভাধিপতি এবং পঞ্চায়েত প্রধান সহ প্রায় ১০ হাজার নেতা-কর্মীর উপস্থিতিতে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

ভার্চুয়াল সভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, “এই প্রকল্পে সরকার যা করবে তা তো করবেই, পাশাপাশি তৃণমূল কর্মীরাও বাড়ি বাড়ি গিয়ে প্রচার করবে এবং মানুষের মতামত নিয়ে কাজ হবে।” তিনি আরও জানান, প্রতিটি বুথে ১০ লক্ষ টাকা খরচ করা হবে এবং এর জন্য রাজ্য সরকার ৮ হাজার কোটি টাকা বরাদ্দ করেছে, যেখানে কেন্দ্রের কোনো টাকা নেই।

কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলে অভিষেক বলেন, “কেন্দ্রের দিল্লির সরকার মানুষকে ভাতে মারতে চায়, গায়ের জোরে টাকা আটকে রেখেছে। রাজ্য সরকার সেসব তোয়াক্কা না করে মানুষের জন্য খরচ করছে।” তিনি নেতা-কর্মীদের নির্দেশ দিয়ে বলেন, “মানুষের বুথে কী কাজ হবে, তা মানুষই ঠিক করবে। এটা প্রচার করুন। নির্বাচনের আগে এই সুযোগ হাতছাড়া করবেন না।” তিনি আরও জানান, আগামী ৬০ দিন ধরে এই ক্যাম্প চলবে এবং সবাইকে কোমর বেঁধে নামতে হবে।