ভোটার তালিকায় গলদ, ৪ ইআরও’র বিরুদ্ধে এফআইআর-এর সুপারিশ কমিশনের

ভোটার তালিকায় নাম নথিভুক্ত করার ক্ষেত্রে বড় ধরনের গলদ ধরা পড়ায় রাজ্যের চারটি জায়গার ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসার (ইআরও) এবং এক ডেটা এন্ট্রি অপারেটরের বিরুদ্ধে এফআইআর করার সুপারিশ করল নির্বাচন কমিশন। মঙ্গলবার কমিশনের পক্ষ থেকে রাজ্যের মুখ্যসচিবকে এই বিষয়ে একটি চিঠি পাঠানো হয়েছে।
বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর অভিযোগের ভিত্তিতে কমিশন এই পদক্ষেপ নেয়। অভিযোগ ওঠার পর চার অফিসারকে ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়। জানা যায়, ইআরও-রা নিজেদের আইডি ডেটা এন্ট্রি অপারেটরদের সঙ্গে শেয়ার করতেন, যা ব্যবহার করে বেআইনিভাবে নাম নথিভুক্ত করা হতো।
যাদের বিরুদ্ধে এফআইআরের সুপারিশ করা হয়েছে তারা হলেন – ময়নার ইআরও বিপ্লব সরকার, বারুইপুর পূর্বের ইআরও দেবোত্তম দত্ত চৌধুরী, বারুইপুর পূর্বের এআরও তথাগত মণ্ডল এবং ময়নার এআরও সুদীপ্ত দাস। এছাড়াও, ডেটা এন্ট্রি অপারেটর সুরজিৎ হালদারের বিরুদ্ধেও একই সুপারিশ করা হয়েছে। নিয়ম অনুযায়ী, বিএলওদের কাছ থেকে আবেদন গ্রহণের পর ইআরও-রাই সেইসব নথি যাচাই করে অনুমোদন দেন। কমিশনের এই কড়া পদক্ষেপের পর রাজ্য জুড়ে তোলপাড় সৃষ্টি হয়েছে।