কোচবিহারে শুভেন্দু অধিকারীর কনভয়ে হামলা, নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে মুখ্যসচিবকে চিঠি

মঙ্গলবার কোচবিহারে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কনভয়ে হামলার ঘটনায় রাজ্য জুড়ে রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে। ‘জেড’ ক্যাটাগরির নিরাপত্তা থাকা সত্ত্বেও কীভাবে এই হামলা হলো, তা নিয়ে প্রশ্ন তুলেছে বিজেপি। এই ঘটনার পর শুভেন্দু অধিকারী রাজ্যের মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব এবং ডিজিপি-কে চিঠি লিখে তাঁর নিরাপত্তা নিশ্চিত করার জন্য আদালতের নির্দেশ কার্যকর করার আবেদন জানিয়েছেন।
মঙ্গলবার এসপি অফিস অভিযান চলাকালীন নিউ কোচবিহার স্টেশন চত্বরে তৃণমূল কর্মীরা কালো পতাকা হাতে বিক্ষোভ দেখাচ্ছিল। খাগড়াবাড়ির দিকে যাওয়ার সময় শুভেন্দু অধিকারীর কনভয়ের ওপর হামলা হয়। অভিযোগ, কালো পতাকা দেখানোর পাশাপাশি ইঁট এবং লাঠি দিয়ে গাড়ির ওপর আঘাত করা হয়েছে। সংবাদমাধ্যমে প্রকাশিত ছবি এবং ভিডিওতে গাড়ির ভাঙচুর দেখা গেছে।
এই ঘটনার প্রেক্ষিতে শুভেন্দু অধিকারী বলেন, “আমার গাড়ির সামনের কাচ ভাঙতে পারেনি। পাথর দিয়ে পিছনের কাচ ভেঙেছে। এটা তো সাধারণ গাড়ি নয়। কনভয়ে হামলা নয়, মেরে ফেলার জন্যই পাথর ছুঁড়েছিল। বুলেটপ্রুফ গাড়ি না থাকলে, আজ মারাও যেতে পারতাম।” বিজেপির অভিযোগ, পুলিশের ঢিলেঢালা নিরাপত্তার কারণেই এই হামলা সম্ভব হয়েছে।