“বাংলা ভাষা নিয়ে খেলবার চেষ্টা করবেন না”-BJP-র মালব্যকে হুঁশিয়ার করলেন মমতা

বাংলা ভাষা নিয়ে রাজ্য রাজনীতিতে চলা বিতর্কের মধ্যে এবার বিজেপি নেতা অমিত মালব্যের পোস্টকে সরাসরি নিশানা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার হুগলিতে বন্যা পরিস্থিতি পরিদর্শনের পর কামারপুকুরে রামকৃষ্ণ মঠ থেকে তিনি বিজেপির এই রাজনীতির তীব্র সমালোচনা করেন।
মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “বাংলা বলে কোনো ভাষাই নেই? আরে বাংলা ছাড়া ভারত হয়, না পৃথিবী হয়? জাতীয় সঙ্গীতের ভাষা কে লিখেছিলেন? রবীন্দ্রনাথ ঠাকুর। বন্দে মাতরম বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়….আমাদের ভাষাকে নিয়ে খেলবার চেষ্টা করবেন না, অসম্মানও করার চেষ্টাও করবেন না।”
এই মন্তব্যটি মূলত বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্যের একটি এক্স হ্যান্ডেল পোস্টের প্রতিক্রিয়া হিসেবে এসেছে। সোমবার মালব্য তার পোস্টে লিখেছিলেন, ‘দিল্লি পুলিশ অনুপ্রবেশকারীদের ব্যবহৃত ভাষাকে বাংলাদেশি বলে একেবারেই ঠিক কাজ করেছে। তবে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে সেটার ব্যাখ্যা করেছেন তা বিপজ্জনক ও উস্কানিমূলক।’ তিনি আরও অভিযোগ করেন যে, দিল্লি পুলিশের চিঠিতে কোথাও বাংলা বা বাঙালিকে বাংলাদেশি ভাষা বলা হয়নি এবং মমতা ভাষাভিত্তিক সংঘাত উসকে দেওয়ার চেষ্টা করছেন।
মমতা বন্দ্যোপাধ্যায় এর জবাবে সম্প্রীতির বার্তা দিয়ে বলেন, “আমাদের মধ্যে ভাগাভাগি নেই। সবাইকে নিয়ে একত্রে থাকার বাণী শিখেছিলাম রামকৃষ্ণ পরমহংস দেবের থেকে। জলকে কেউ জল বলে, কেউ পানি, কেউ ওয়াটার বলে। তফাত আর কিছু নেই। রক্ত তো সকলের এক।” তিনি আরও অভিযোগ করেন যে, দিল্লিতে বাংলাভাষীদের ধরে ধরে বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হচ্ছে এবং পরিযায়ী শ্রমিকদের পুলিশ তুলে নিয়ে যাচ্ছে।