OMG! মেঘ ভেঙে ভয়াবহ বিপর্যয় উত্তরকাশীতে, বাড়ছে মৃত্যু-মিছিলের আশঙ্কা

দেবভূমে ফের প্রাকৃতিক বিপর্যয়। উত্তরাখণ্ডের উত্তরকাশীতে মেঘভাঙা বৃষ্টির ফলে ভয়াবহ হড়পা বান নেমে আসে। মঙ্গলবার গঙ্গোত্রী ধাম ও মুখওয়ার কাছে অবস্থিত একটি গ্রাম সম্পূর্ণ নিশ্চিহ্ন হয়ে গেছে। এই মর্মান্তিক ঘটনায় এখন পর্যন্ত ৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে এবং ৫০ জনের বেশি নিখোঁজ রয়েছেন।
প্রবল বৃষ্টিপাতের জেরে মুখওয়া ও গঙ্গোত্রীর মধ্যবর্তী ধারালি গ্রামে একটি নালায় হঠাৎই জলস্ফীতি ঘটে। সেই জলের স্রোত দ্রুতগতিতে নীচের দিকে নেমে এসে গ্রামটিকে ভাসিয়ে নিয়ে যায়। ঘটনার পরপরই এর ভয়াবহতার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। স্থানীয় বাসিন্দারা জানান, হঠাৎ করে পাহাড় থেকে বিশাল জলধারা নেমে আসায় মানুষজন নিজেদের ঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ে পালিয়ে যান।
ঘটনার পরপরই উত্তরকাশী জেলা প্রশাসন পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে। জেলা বিপর্যয় মোকাবিলা বিভাগ ইতিমধ্যেই সতর্কতা জারি করেছে এবং উদ্ধারকারী দল ও বিপর্যয় মোকাবিলা কর্মীদের উচ্চ সতর্কতায় রাখা হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিপর্যয় মোকাবিলা বাহিনীকে দ্রুত কাজ করার নির্দেশ দিয়েছেন।
এই ঘটনায় গঙ্গোত্রীর বহু তীর্থযাত্রী ও পর্যটক আতঙ্কিত হয়ে পড়েন। প্রশাসন জানিয়েছে, পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে আছে, তবে নদী বা ঝরনার ধারে যেতে বারণ করা হয়েছে। আবহাওয়া দপ্তর আগামী কয়েকদিন উত্তরাখণ্ডের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়ায় প্রশাসন আগাম সতর্কতামূলক ব্যবস্থা নিচ্ছে।