কুবেরেশ্বর ধামে মর্মান্তিক দুর্ঘটনা, পদপিষ্ট হয়ে মৃত ২, আহত বহু পূর্ণাথী

আবারও মন্দিরে পদপিষ্ট হওয়ার মর্মান্তিক ঘটনা ঘটল। এবার ঘটনাস্থল মধ্যপ্রদেশের সেহরি। মঙ্গলবার সকালে কুবেরেশ্বর ধামে বিপুল সংখ্যক পুণ্যার্থীর ভিড়ে পদপিষ্ট হয়ে অন্তত দুই মহিলার মৃত্যু হয়েছে। এই ঘটনায় ১০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
জানা গিয়েছে, পণ্ডিত প্রদীপ মিশ্রার উদ্যোগে আয়োজিত কানওয়ার যাত্রায় যোগ দেওয়ার জন্য মঙ্গলবার কুবেরেশ্বর ধামে ভক্তদের ব্যাপক ভিড় হয়েছিল। মন্দিরে ধারণক্ষমতার চেয়ে বেশি লোক জড়ো হওয়ায় ভিড়ের মধ্যে ধাক্কাধাক্কি শুরু হয়। এর ফলেই পদপিষ্টের ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রের দাবি।
আহতদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এই ঘটনায় মন্দিরের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে। গত মাসের শেষ সপ্তাহে হরিদ্বারের মনসাদেবী মন্দির এবং ঔশানেশ্বর মহাদেব মন্দিরেও একই ধরনের পদপিষ্টের ঘটনা ঘটেছিল।
পুলিশ জানিয়েছে, ঘটনার খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। কীভাবে এত বিপুল সংখ্যক পুণ্যার্থী একসাথে মন্দিরে জড়ো হলেন এবং কেন নিরাপত্তা ব্যবস্থা পর্যাপ্ত ছিল না, তা খতিয়ে দেখা হচ্ছে।