সুখবর এল যাত্রীদের জন্য! বন্দে ভারতেও এবার শেষ মুহূর্তে টিকিট, যাত্রার ১৫ মিনিট আগে বুকিংয়ের সুযোগ

বন্দে ভারত এক্সপ্রেসের মতো দ্রুতগতির ট্রেনে শেষ মুহূর্তে টিকিট না পাওয়ার সমস্যা দূর করতে অভিনব উদ্যোগ নিয়েছে ভারতীয় রেল। এখন থেকে আটটি নির্দিষ্ট বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের ক্ষেত্রে যাত্রার মাত্র ১৫ মিনিট আগেও টিকিট কাটা যাবে। এই নতুন নিয়মটি শুধুমাত্র সাউদার্ন রেলওয়ের অধীনে পরিচালিত ট্রেনগুলোর জন্য আপাতত কার্যকর করা হয়েছে।
কীভাবে কাজ করবে এই নতুন নিয়ম?
রেল কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে, সাধারণত ট্রেন ছাড়ার নির্দিষ্ট সময়ের অনেক আগে টিকিট বুকিং বন্ধ হয়ে যায়। কিন্তু এই নতুন নিয়মের ফলে, যে আসনগুলি বুকিংয়ের সময়সীমা শেষ হওয়ার পরেও ফাঁকা থাকবে, সেগুলি যাত্রার ১৫ মিনিট আগে পর্যন্ত বুক করা যাবে। এর জন্য রেলের প্যাসেঞ্জার রিজার্ভেশন সিস্টেমে (PRS) প্রয়োজনীয় প্রযুক্তিগত পরিবর্তন আনা হচ্ছে।
যে আটটি ট্রেনে মিলবে এই সুবিধা:
আপাতত এই পাইলট প্রকল্পটি নিচের আটটি বন্দে ভারত এক্সপ্রেসে চালু করা হয়েছে:
১. ম্যাঙ্গালুরু সেন্ট্রাল – তিরুঅনন্তপুরম সেন্ট্রাল বন্দে ভারত
২. তিরুঅনন্তপুরম সেন্ট্রাল – ম্যাঙ্গালুরু সেন্ট্রাল বন্দে ভারত
৩. চেন্নাই এগমোর – নাগেরকয়েল বন্দে ভারত
৪. নাগেরকয়েল – চেন্নাই এগমোর বন্দে ভারত
৫. কোয়েম্বাটোর – বেঙ্গালুরু ক্যান্টনমেন্ট বন্দে ভারত
৬. ম্যাঙ্গালোর সেন্ট্রাল – ম্যাডগাঁও বন্দে ভারত
৭. মাদুরাই – বেঙ্গালুরু ক্যান্টনমেন্ট বন্দে ভারত
৮. ড. এমজিআর চেন্নাই সেন্ট্রাল – বিজয়ওয়াড়া বন্দে ভারত
যাত্রী ও রেল উভয়েরই সুবিধা:
রেলের এই সিদ্ধান্তে যাত্রীদের সুবিধা অনেক বাড়বে। হঠাৎ যাত্রার প্রয়োজন পড়লে বা শেষ মুহূর্তে পরিকল্পনা বদল হলে বন্দে ভারতের মতো প্রিমিয়াম ট্রেনেও টিকিট পাওয়া যাবে। এতে যাত্রীরা যেমন উপকৃত হবেন, তেমনই অনেক সময় ফাঁকা আসন নিয়ে ট্রেন ছাড়ার কারণে রেলের যে রাজস্ব ক্ষতি হতো, তা থেকেও মুক্তি মিলবে। সাউদার্ন রেলওয়ে একটি বিজ্ঞপ্তিতে জানিয়েছে, “এটি যাত্রীদের সুবিধার জন্য নেওয়া একটি পদক্ষেপ, যা ফাঁকা আসনগুলোর কার্যকর ব্যবহার নিশ্চিত করবে।”
রেল মন্ত্রকের এক আধিকারিক জানিয়েছেন, এই প্রকল্প সফল হলে ভবিষ্যতে দেশের অন্যান্য রেল জোনে এবং বেশি চাহিদা সম্পন্ন বন্দে ভারত রুটেও এই সুবিধা চালু করা হবে।