বাংলাদেশের অভিনেত্রী শান্তার শাগরেদও গ্রেফতার, মডেলের সঙ্গে কী সম্পর্ক ছিল তরুণের?

বাংলাদেশের মডেল ও অভিনেত্রী শান্তা পালকে গ্রেফতারের পর এবার তার এক শাগরেদকে গ্রেফতার করল কলকাতা পুলিশের গুন্ডা দমন শাখা। উত্তর ২৪ পরগনার নৈহাটি থেকে সৌমিক দত্ত নামে ওই যুবককে গ্রেফতার করা হয়েছে। শান্তা পালকে জাল ভারতীয় নথি তৈরিতে সহায়তার অভিযোগ রয়েছে সৌমিকের বিরুদ্ধে।

পুলিশ সূত্রে খবর, শান্তা পাল কলকাতায় এসে থাকার পর তার সমস্ত ব্যবস্থা এই সৌমিকই করে দিয়েছিল। শান্তা পালকে জেরা করে তার কাছ থেকে এই সৌমিকের পরিচয় জানতে পারেন তদন্তকারীরা। এরপরই পুলিশ সৌমিককে তার বাড়ি থেকে গ্রেফতার করে।

শান্তা পাল পুলিশের কাছে স্বীকার করেছেন যে, সৌমিকের সঙ্গে তার দীর্ঘদিনের পরিচয়। তার কাছ থেকে যে সমস্ত জাল ভারতীয় নথি উদ্ধার হয়েছে, সেগুলো সৌমিকই তাকে তৈরিতে সাহায্য করেছিল। পুলিশ এখন খতিয়ে দেখছে, সৌমিক একা এই কাজ করত নাকি তার সঙ্গে আরও কেউ যুক্ত আছে।

কিছুদিন আগে শান্তা পালকে কলকাতা পুলিশ গ্রেফতার করে। তিনি ভারতীয় পাসপোর্টের জন্য আবেদন করেছিলেন। পুলিশ ভেরিফিকেশনের সময় তার নথি নিয়ে সন্দেহ হলে পার্ক স্ট্রিট থানায় অভিযোগ দায়ের করা হয়। পরে কলকাতা পুলিশের গুন্ডা দমন শাখা দক্ষিণ কলকাতার গল্ফগ্রিনে তার ফ্ল্যাট থেকে তাকে গ্রেফতার করে।

পুলিশ জানিয়েছে, শান্তা ২০২৩ সাল থেকে বিক্রমগড়ে বাড়ি ভাড়া নিয়ে অবৈধভাবে বসবাস করছিলেন। তার কাছে জাল ভারতীয় নথি ছাড়াও বাংলাদেশের একাধিক পাসপোর্ট, একটি বিমান সংস্থার পরিচয়পত্র এবং মাধ্যমিকের অ্যাডমিট কার্ড (ঢাকার) পাওয়া যায়। তিনি ২০২৩ সালে জবারত ভিসা নিয়ে ভারতে এসেছিলেন, যার মেয়াদ অনেক আগেই শেষ হয়ে গিয়েছিল।