“DA মৌলিক অধিকার নয়, কেন্দ্রীয় হার নিয়ে কোনও আইনও নেই”-সুপ্রিম কোর্টে জানালো রাজ্য

রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ (Dearness Allowance) মামলার শুনানি মঙ্গলবার সুপ্রিম কোর্টে বিচারপতি সঞ্জয় কারোল ও বিচারপতি প্রশান্তকুমার মিশ্রের বেঞ্চে শুরু হয়েছে। শুনানির প্রথম পর্যায়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটি ওঠে: ডিএ কি কর্মীদের মৌলিক অধিকার, নাকি আইনি অধিকার?

রাজ্যের পক্ষে আইনজীবী কপিল সিবাল এবং শ্যাম দিওয়ান সওয়াল করেন। তারা স্পষ্ট জানান, ডিএ কোনো মৌলিক অধিকার নয়। তাদের দাবি, ডিএ দেওয়া হয় রাজ্যের আর্থিক অবস্থার ওপর ভিত্তি করে। কপিল সিবাল বলেন, ভারতের ১৩টি রাজ্য নিজেদের মতো করে ডিএ দিয়ে থাকে এবং কেন্দ্রীয় হারে ডিএ দিতে তাদের কেউ বাধ্য করতে পারে না।

অন্যদিকে, মামলাকারীদের আইনজীবী গোপাল সুব্রহ্মণ্যমও পরোক্ষভাবে মেনে নেন যে ডিএ মৌলিক অধিকার নয়। তবে তিনি এটিকে আইনি অধিকার হিসেবে দাবি করেন। তিনি বলেন, বহু রাজ্য কেন্দ্রীয় হারের সঙ্গে সামঞ্জস্য রেখে ডিএ দেয়, যার ভিত্তি হলো কনজিউমার প্রাইস ইনডেক্স। জবাবে বিচারপতি সঞ্জয় কারোল বলেন, উভয় পক্ষই যেহেতু এটি মৌলিক অধিকার নয় বলে মেনে নিচ্ছে, তাই এখানে কোনো বিধিকে চ্যালেঞ্জ জানানোর প্রশ্ন নেই।

রাজ্যের আইনজীবী শ্যাম দিওয়ান সওয়াল করেন, “ডিএ হলো গ্রেস।” তিনি ২০০৮ সালের একটি মামলার রায় উল্লেখ করে বলেন যে, রাজ্যের কর্মীদের কেন্দ্রীয় হারে ডিএ পাওয়ার কোনো শর্ত রাজ্যের নিয়মে নেই। দিওয়ান আরও বলেন, রোপা (রিভিশন ফর পে অ্যান্ড অ্যালাউন্স) আইনে এমন কোনো নির্দেশ নেই যে রাজ্যের কর্মীদের কেন্দ্রীয় হারে ডিএ দিতে হবে। শুনানি এখনও চলছে।