‘পাকিস্তানকে প্রায় ২০০ কোটি ডলারের অস্ত্র পাঠায় আমেরিকা’-ভারতীয় সেনার পোস্টে শোরগোল

ভারত ও আমেরিকার মধ্যে শুল্ক নীতি নিয়ে চলমান উত্তেজনার মধ্যেই ভারতীয় সেনার এক্স (আগে টুইটার) হ্যান্ডলে একটি পুরনো তথ্য পোস্ট করা হয়েছে, যা আন্তর্জাতিক মহলে আলোচনার জন্ম দিয়েছে। মঙ্গলবার সেনার পক্ষ থেকে একটি পুরোনো খবরের কাগজের কাটিং পোস্ট করা হয়, যেখানে লেখা ছিল, ‘১৯৫৪ সাল থেকে পাকিস্তানকে ২ বিলিয়ন ডলার (প্রায় ১৭,৫৬৭ কোটি টাকা) মূল্যের মার্কিন অস্ত্র পাঠিয়েছে আমেরিকা।’
এই পোস্টটি এমন এক সময়ে এসেছে, যখন ইউক্রেন-রাশিয়া যুদ্ধ নিয়ে মস্কোর সঙ্গে ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে কেন্দ্র করে আমেরিকা ক্ষুব্ধ। সম্প্রতি ভারতের রপ্তানি পণ্যের ওপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অতিরিক্ত শুল্ক আরোপ করলে নয়াদিল্লি তার কড়া জবাব দিয়েছে। এই প্রেক্ষাপটে সেনার এই পোস্টকে অত্যন্ত ইঙ্গিতপূর্ণ বলে মনে করা হচ্ছে।
সেনার এক্স হ্যান্ডলে ১৯৭১ সালের ভারত-পাকিস্তান যুদ্ধের প্রসঙ্গ টেনে আরও একটি পোস্ট করা হয়, যেখানে লেখা ছিল, ‘৫ অগাস্ট, ১৯৭১, এই দিনেই সে বছর যুদ্ধের সূত্রপাত।’ এর সঙ্গে প্রকাশিত খবরের কাগজের প্রতিবেদনে ১৯৭১ সালের যুদ্ধের আগের পরিস্থিতি তুলে ধরা হয়। সেখানে তৎকালীন প্রতিরক্ষা মন্ত্রী ভিসি শুক্লার একটি বক্তব্য উল্লেখ করা হয়েছে, যেখানে তিনি রাজ্যসভায় বলেছিলেন যে, পাকিস্তান অস্ত্র সরবরাহের বিষয়ে ন্যাটো দেশগুলি এবং সোভিয়েত ইউনিয়নের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। তবে সোভিয়েত ইউনিয়ন এবং ফ্রান্স ইসলামাবাদে কোনো অস্ত্র পাঠায়নি। একই প্রতিবেদনে আমেরিকা ও চীনের পাকিস্তানের কাছে অস্ত্র সরবরাহের বিষয়টি উল্লেখ ছিল।
বিশেষজ্ঞদের মতে, এই পোস্টের মাধ্যমে নয়াদিল্লি হোয়াইট হাউসকে মনে করিয়ে দিতে চাইছে যে, অতীতের মতো এবারও আমেরিকা পাকিস্তানের প্রতি তাদের পক্ষপাতিত্ব দেখাচ্ছে। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পাকিস্তানের সেনাপ্রধান অসীম মুনিরের সঙ্গে বৈঠক এবং পাকিস্তানকে নানা ইস্যুতে সমর্থন করা এই জল্পনাকে আরও উসকে দিয়েছে।